বগুড়ায় গতকাল বৃহস্পতিবার বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালের সময় পত্রিকা বহনকারী একটি গাড়ি ও সিমেন্টবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা হামলা হয়েছে। পত্রিকাবাহী আরও তিনটি গাড়িসহ ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি।
এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল সকালে বোমা বিস্ফোরণে ভর্তি পরীক্ষার্থী, গোয়েন্দা সদস্য ও নিরাপত্তা প্রহরীসহ ছয়জন আহত হয়েছেন।
বগুড়ায় হরতালে পেট্রলবোমা: মানি লন্ডারিংয়ের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায়ের বিরুদ্ধে আপিল গ্রহণ ও তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার প্রতিবাদে ১৮-দলীয় জোট বগুড়া জেলায় গতকাল সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। আর বগুড়া শহর জামায়াতের এক কর্মীকে হত্যার প্রতিবাদে একই দিন জেলাজুড়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াতে ইসলামী।
বেলা ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার দুগ্ধ খামারের সামনে সিমেন্টবোঝাই একটি ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে পিকেটাররা। এ সময় চালক ট্রাকটি ঘুরিয়ে ফেলার সময় পিকেটাররা গাড়িটির সামনে এসে চালক ও তাঁর সহকারীকে নামিয়ে দিয়ে চালকের কেবিনে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের দল এসে আগুন নেভায়।
এ ছাড়া শেরপুরের ঘোগাবটতলা, মির্জাপুর, শেরুয়া বটতলা, হামছায়াপুর, কলেজ রোড ও মহিপুর এলাকায় পিকেটাররা কমপক্ষে ১৫টি গাড়ির কাচ ভাঙচুর করে।
বগুড়ার সংবাদপত্র পরিবেশক আবদুর রফিক জানান, সকাল সাতটার দিকে শহরের পিটিআই মোড়সংলগ্ন এলাকায় হরতাল-সমর্থকেরা বাংলাদেশ প্রতিদিন পত্রিকাবাহী একটি ট্রাকে পেট্রলবোমা হামলা চালায়। এতে চালকের সহকারী সাইফুল ইসলাম আহত হন।
ওই ঘটনার পর সকাল নয়টার দিকে শহরের সাতমাথা এলাকায় কালের কণ্ঠ, নয়া দিগন্ত, ভোরের কাগজসহ অন্য পত্রিকাবাহী চারটি গাড়িতে হামলা চালায় হরতাল-সমর্থকেরা। এ ছাড়া সকালে মাটিডালি এলাকায় একটি ট্রাক ভাঙচুর করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ: ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ছিল। সকাল থেকেই বিনোদপুর ফটকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশকারীদের বিস্ফোরক শনাক্তকারী যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে তল্লাশি চালানো হচ্ছিল। সকাল নয়টা ৫০ মিনিটের দিকে সেখানে এক যুবকের একটি ব্যাগ নিরাপত্তাকর্মীরা তল্লাশি করতে গেলে ওই যুবক ব্যাগটি রেখে দৌড় দেন। এর কয়েক সেকেন্ডের মধ্যেই বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে গোয়েন্দা সংস্থা সিটিএসবির সদস্য মজিবুর রহমান, নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী তাসমিয়া আজিজ এবং ভর্তি পরীক্ষার্থী যূথী আক্তার ও রেশমি সুলতানাসহ ছয়জন আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে মজিবুর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা নেন।
এদিকে, বোমা বিস্ফোরণের পর দায়িত্বরত পুলিশ সদস্যরা বেশ কয়েকটি ফাঁকা রাবার বুলেট ছোড়েন। এ সময় ভর্তি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা আতঙ্কিত হয়ে দিগিবদিক ছোটাছুটি শুরু করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুর নুর জানান, ওই যুবকের ব্যাগের মধ্যেই বোমাটি ছিল। পরে সেখান থেকে একটি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়েছে। এখনো পর্যন্ত ওই যুবককে শনাক্ত করা যায়নি। গ্রেপ্তারও করা যায়নি কাউকে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ভর্তি পরীক্ষার সময় বোমা হামলার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক রাজশাহী, বগুড়া, শেরপুর (বগুড়া) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি]