বগুড়ায় হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় এর সেবিকা ও কর্মচারীদের আন্দোলনের মুখে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে সেবিকা ও কর্মচারীরা তদন্ত কমিটিতে তাঁদের প্রতিনিধি রাখার দাবি জানিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, হাসপাতালের সেবিকা ভারতী রানীর বোন কণা রানী সরকারকে সন্তানসম্ভবা অবস্থায় গত বুধবার ওই হাসপাতালে ভর্তি করা হয়। সন্তান প্রসবের জন্য ওই দিন বিকেলে অস্ত্রোপচার করা হয়। একটি পুত্রসন্তানের জন্ম হলেও অস্ত্রোপচার কক্ষেই প্রসূতির মৃত্যু হয়। কণা রানীর মৃত্যুর জন্য কর্তব্যরত চিকিৎসকদের দায়ী করে সেবিকাসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ করেন।এর অংশ হিসেবে তাঁরা গতকাল বৃহস্পতিবার সকালে কর্মবিরতি শুরু করেন। পরে শজিমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শফিকুল ইসলাম সেবিকাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে শজিমেকের সহযোগী অধ্যাপক মঞ্জুর আলমকে প্রধান করে তদন্ত কমিটি করার ঘোষণা দেওয়া হয়। তবে সেবিকারা জানান, তদন্ত কমিটিতে তাঁদের প্রতিনিধি রাখা না হলে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরবর্তি কর্মসূচি দেওয়া হবে।বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার (শজিমেক) সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, তাঁরা কমিটিতে সেবিকাদের একজন প্রতিনিধি রাখতে অনুরোধ করেছেন।হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শফিকুল ইসলাম তদন্ত কমিটি গঠনের কথা নিশ্চিত করেন।