বগুড়ায় হাসপাতালের চার কর্মচারীকে ফের মারধর, প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চারজন কর্মচারীকে আবারও দালালেরা মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে কর্মচারীরা গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনায় পুলিশ এক দালালকে গ্রেপ্তার করেছে।হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা জানান, হাসপাতালে যাওয়ার পথে গতকাল সকালে শফিকুল ইসলাম, রেনুবালা ও ইসতিয়াক হোসেন নামের তিন কর্মচারীকে শাকপালা মোড়ে কয়েকজন দালাল মারধর করে। বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের পরিচালকের গাড়িচালক আলমগীরকেও হাসপাতালের সামনে চা পান করার সময় দালালেরা মারধর করে। এ খবর ছড়িয়ে পড়লে কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁরা হাসপাতাল চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে কর্মচারীরা দালালদের গ্রেপ্তারের দাবিতে হাসপাতালের সামনে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় কর্মচারীরা দালালদের গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ সানোয়ার হোসেন নামের এক দালালকে গ্রেপ্তার করলে কর্মচারীরা সড়ক অবরোধ তুলে নেন।হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন জানান, হাসপাতালের প্রধান গেট বন্ধ করে দেওয়া এবং দালালদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার জন্য তারা হুমকি-ধমকি দিয়ে আসছিল। দালালদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে না নেওয়ায় তারা গতকাল চার কর্মচারীকে মারধর করে। গত ১২ অক্টোবর দালালেরা হাসপাতালের তিনজন কর্মচারীকে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে কর্মচারীরা দুই দফা ৭২ ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। হাসপাতালের পরিচালক বাদী হয়ে দালালদের বিরুদ্ধে মামলা করলে কর্মচারীরা তাঁদের কর্মবিরতি স্থগিত করেন। সেই সঙ্গে দালালদের তৎপরতা ঠেকাতে ১৮ অক্টোবর থেকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের প্রধান ফটক বন্ধ করে রেখেছে। এ নিয়ে প্রথম আলোতে বেশ কয়েকটি প্রতিবেদন ছাপা হয়েছে।