বগুড়ায় হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার
বগুড়া শহরের আমজাদিয়া বোর্ডিং নামে একটি হোটেল থেকে পুলিশ এক তরুণীর লাশ উদ্ধার করেছে। গতকাল শুক্রবার ভোরে শহরের সাতমাথায় টেম্পল রোডের ওই হোটেলের ৯ নম্বর কক্ষের তালা ভেঙে লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, তরুণীকে গলা টিপে হত্যা করা হয়েছে।বগুড়া সদর থানা ও হোটেল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জনৈক শাহরিয়ার ও শিউলী আকতার (২৪) নামের দুজন স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেলের কক্ষ ভাড়া নেন। রেজিস্টারে তাঁদের ঠিকানা লেখা হয়: গ্রাম-পাকুরিয়া, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। শাহরিয়ার তাঁর স্ত্রী শিউলী আকতারের চিকিৎসার উদ্দেশ্যে বগুড়ায় এসেছেন বলে বোর্ডিং কর্তৃপক্ষকে জানান। হোটেলের ব্যবস্থাপক এনামুল হক জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তাঁরা বৃহস্পতিবার সকাল ১০টায় হোটেলে ওঠেন। বেলা তিনটার দিকে শাহরিয়ার পরিচয়ের ব্যক্তি কক্ষে তালা দিয়ে দুপুরের খাবার আনতে যাচ্ছেন বলে জানান। কিন্তু বিকেল পাঁচটা পর্যন্ত না এলে তাঁকে তাঁদের দেওয়া মুঠোফোন নম্বরে ফোন করা হয়। কিন্তু অন্য প্রান্ত থেকে বলা হয়, তিনি হোটেলে ওঠেননি। ধারণা করা হচ্ছে, হোটেলে ভুল নম্বর দেওয়া হয়েছে।বগুড়া সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, হোটেলের কক্ষের দরজা ভাঙার পর মেঝেতে লাশ পড়ে ছিল। লাশ বিছানার তোশক দিয়ে ঢাকা ছিল। তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে। পুলিশ বাদী হয়ে থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে।