বগুড়ায় ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলার মোস্তফা সরকার নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে একই সম্পত্তি দুটি বাণিজ্যিক ব্যাংকে বন্ধক রেখে জালিয়াতির মাধ্যমে মোটা অঙ্কের ঋণ হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে অন্যের কাছে বিক্রি করে দেওয়া জমিও ব্যাংকে বন্ধক রেখেছেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় খেলাপির দায়ে একটি ব্যাংক সম্পত্তি নিলামে তোলার পর জালিয়াতির বিষয়টি ফাঁস হয়।
এ ঘটনায় অগ্রণী ব্যাংক লিমিটেড ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বগুড়া শাখার ৫ কর্মকর্তাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা হয়েছে।
মামলার আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের বগুড়া সেনানিবাস শাখার সাবেক ব্যবস্থাপক জুলফিকার আলী আকন্দ, কর্মকর্তা মাহফুজার রহমান, অগ্রণী ব্যাংকের সাবেক আঞ্চলিক প্রধান হাজেরা বেগম, স্ট্যান্ডার্ড ব্যাংক বগুড়া শাখার সাবেক ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তা (দুজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি) এবং শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরের ব্যবসায়ী মোস্তফা সরকার, তাঁর স্ত্রী সুমি আকতার, ভাই নুরন্নবী সরকার, হামিদুল হক ও আবদুল হাই।
১৬ মে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে (শাজাহানপুর) এই মামলা করেন উপজেলা সদরের প্রতারণার শিকার আরেক ব্যবসায়ী আরিফুর রহমান। আদালত ১৬ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক বগুড়া শাখার ক্রেডিট ইন ইনচার্জ এম এ মান্নান বলেন, ঋণ মঞ্জুরের আগে মোস্তফা সরকারের নামে অন্য কোনো ব্যাংকে ঋণ আছে কি না, তা জানার জন্য সিআইবির (বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো) প্রতিবেদন চাওয়া হয়েছিল। কিন্তু সিআইবি অন্য কোনো ব্যাংকে মোস্তফা সরকারের নামে ঋণ থাকার কোনো তথ্য জানায়নি।
অগ্রণী ব্যাংকের বগুড়া সেনানিবাস শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, একই সঙ্গে একই জমি বন্ধক রেখে দুই ব্যাংক থেকে কীভাবে ঋণ নেওয়া সম্ভব হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রতারণার অভিযোগ অস্বীকার করে মোস্তফা সরকার বলেন, ‘একটি দাগে চার শতক সম্পত্তির মধ্যে দুই শতক স্ট্যান্ডার্ড ব্যাংকে এবং আড়াই শতক অগ্রণী ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিয়েছি। আধা শতক সম্পত্তি নিয়ে দুই ব্যাংকের মধ্যে একটু ঝামেলা হয়েছে। এ ছাড়া আরেকটি দাগে চার শতক জমি আরিফুর রহমানের কাছে বিক্রি করলেও পুরো টাকা না দেওয়ায় তা ব্যাংকে বন্ধক রেখেছি।’