বগুড়ায় ১২ হাজার অবৈধ সিডিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় র‌্যাব-১২-এর সদস্যরা গত বৃহস্পতিবার বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১২ হাজার অবৈধ সিডি ও এর বিপুল পরিমাণ সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শহিদুল ইসলাম ওরফে বাঁধন দেশের শীর্ষ অবৈধ সিডি ব্যবসায়ীদের একজন।র‌্যাব-১২ বগুড়ার অধিনায়ক সহকারী পুলিশ সুপার সুমিত কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা সুলতানগঞ্জপাড়ায় বাঁধনের বাড়িতে অভিযান চালান। এ সময় অবৈধভাবে সিডি প্রস্তুত করার অভিযোগে তাকে গ্রেপ্তার এবং তার স্বীকারোক্তি অনুযায়ী পার্শ্ববর্তী একটি গুদাম থেকে দুই হাজার অবৈধ সিডি, প্রায় চার লাখ ছাপানো সিডির মোড়ক ও একটি স্ক্যানার মেশিন উদ্ধার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শহরের বাদুরতলা এলাকায় বিসমিল্লাহ ট্রেডিং কারখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয় বাংলা সিনেমার আরও প্রায় পাঁচ লাখ সিডির মোড়ক ও ছাপানোর সরঞ্জাম। পরে প্রেসটি সিলগালা করে প্রেস মালিক সমিতির জিম্মায় রাখা হয়। পরে শহরের রহমাননগরে অভিযান চালিয়ে ১০ হাজার অবৈধ সিডি, ২৭টি সিডি রাইডার ও দুই হাজার মোড়ক উদ্ধার করা হয়। এখান থেকে গ্রেপ্তার করা হয় সামিউল ইসলামকে।অভিযানে অংশ নেওয়া চলচ্চিত্রে অশ্লীলতা ও পাইরেসিবিরোধী টাস্কফোর্সের সমন্বয়কারী শেখ শহিদুল ইসলাম জানান, বগুড়ায় দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র অবৈধভাবে এ ব্যবসা পরিচালনা করে আসছিল।