বগুড়ায় ১২ 'বিদ্রোহী'কে আ.লীগ থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বগুড়ায় আওয়ামী লীগের ১২ ‘বিদ্রোহী প্রার্থী’কে বহিষ্কার করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।
যোগাযোগ করা হলে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তৃণমূলের মতামত ও জনমত জরিপের ভিত্তিতেই দল থেকে প্রার্থীর নাম ঘোষণা দেওয়া হয়েছিল। অন্যদের মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রচারণা চালানো এসব নেতাকে কেন্দ্রের নির্দেশে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে অনুরোধও জানানো হয়েছিল। তাই শেষ পর্যন্ত জেলা কমিটির বর্ধিত সভায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃতদের মধ্যে আছেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরত ই খুদা, সদস্য শফিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান। এ ছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদুল হক এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভানেত্রী পপি রানী সাহাকে বহিষ্কার করা হয়েছে।
সারিয়াকান্দিতে বহিষ্কার করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনজিল আলী সরকার এবং উপজেলা কমিটির সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী। নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমানের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সম্পাদক ইউনুছ আলী ও যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এখানে ভাইস চেয়ারম্যান প্রার্থী হওয়ায় শফিকুল ইসলাম ও মুকুল মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
দুপচাঁচিয়ার ভাইস চেয়ারম্যান প্রার্থী আহমেদুর রহমানকে সংগঠনবিরোধী তৎপরতার সঙ্গে জড়িত থাকায় বহিষ্কার করা হয়েছে।
জানতে চাইলে রেজাউল আশরাফ জানান, তৃণমূলের মতামত ও জনমত জরিপের কথা বলা হলেও জেলা আওয়ামী লীগের সভাপতি তাঁর একক সিদ্ধান্তে উড়ে এসে জুড়ে বসা এক নেতাকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। দলে তাঁর ন্যূনতম গ্রহণযোগ্যতা নেই। একই অভিযোগ করেন সারিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান শাহজাহান আলী।