বগুড়ায় ১৫ কোটি টাকার সম্পদের ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরকে কেন্দ্র করে বগুড়ায় গত বৃহস্পতিবার ও শুক্রবার জামায়াত-শিবিরের তাণ্ডবে প্রায় ১৫ কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। এসব ক্ষয়ক্ষতির ঘটনায় রোববার পর্যন্ত ছয়টি মামলা হয়েছে।

মামলার এজাহার, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সওজ বিভাগের কার্যালয়ে হামলা ও গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় চার কোটি টাকা, মহাসড়ক কেটে যোগাযোগ বিচ্ছিন্ন ও সেতুর রেলিং ভেঙে ফেলায় প্রায় এক কোটি, সরকারি দলের একজন সাংসদের প্রতিষ্ঠানে হামলা ও গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনায় প্রায় পাঁচ কোটি, সরকারি দলের আরেক সাংসদের বাসায় হামলা ও গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অর্ধকোটি, সড়ক-মহাসড়কে শতাধিক গাড়ি ভাঙচুর ও ১২টি গাড়িতে অগ্নিসংযোগ করে ট্রাকসহ পণ্য পুড়িয়ে দেওয়ায় প্রায় তিন কোটি, গাছ কেটে তা লুটের ঘটনায় আরও এক কোটি এবং রেললাইন কেটে ও রেললাইনের পাশের গাছ কাটায় আরও প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।

বগুড়া সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জানান, কার্যালয়ে হামলা ও গ্যারেজে অগ্নিসংযোগের ঘটনায় চারটি সরকারি পাজেরো জিপ ও দুটি ট্রাক সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও সাতটি গাড়ি। এতে তাঁদের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া মহাসড়ক কেটে ফেলায় এবং সেতুর রেলিং ভেঙে ফেলায় আরও প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় সদর থানায় শনিবার মামলা হয়েছে। জামায়াত-শিবিরের কর্মীরা গত শুক্রবার যশোর-১ আসনের সরকারি দলের সাংসদ শেখ আফিল উদ্দিনের প্রতিষ্ঠান আকিজ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ফুডস অ্যান্ড বেভারেজ এবং ঢাকা টোব্যাকো কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিপণন কেন্দ্রে হামলা চালিয়ে গ্যারেজে অগ্নিসংযোগ করেন।

আকিজের আঞ্চলিক বিপণন কেন্দ্রের ডিপো ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানান, অগ্নিসংযোগে প্রতিষ্ঠানটির ৩৪টি গাড়িসহ ৬৮টি যান পুড়ে যাওয়ায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
শিবিরের বগুড়া শহর শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, কাদের মোল্লার ফাঁসি মেনে নিতে না পেরে সাধারণ জনতা বিক্ষুব্ধ হয়ে ওই সহিংস কর্মকাণ্ড চালাতে পারে। এসব কাজের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীরা মোটেও জড়িত নয়।
বগুড়া-১ আসনের সরকারি দলের সাংসদ আবদুল মান্নান জানান, বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় গানপাউডার ও পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।