বগুড়ায় ১৮ দলীয় জোট কাগজে-কলমে
বগুড়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আছে শুধু কাগজে-কলমে। হরতালসহ কেন্দ্রীয় ১৮ দলীয় জোটের বিভিন্ন কর্মসূচিতে স্থানীয়ভাবে বিএনপি ছাড়া অন্য কোনো দলের দেখা মেলে না। জামায়াতকে সঙ্গে নিয়ে জোরালোভাবে আন্দোলন করতে বিএনপির অনেক নেতা-কর্মী আগ্রহী নন।জামায়াত নেতারা বলছেন, বিএনপি বগুড়ায় নিজেদের নিয়ে ব্যস্ত। কেন্দ্রীয় কর্মসূচিতে তাঁদের তেমন ডাকা হয় না। আবার ডাকা হলেও শেষ মুহূর্তে বলা হয়, যে কারণে কর্মসূচিতে থাকা হয় না। বগুড়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এবং এখান থেকে তাঁর ছেলে তারেক রহমান রাজনীতি শুরু করেছেন। যে কারণে বগুড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে বলা হয়ে থাকে। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনেই বিএনপি জয়লাভ করে থাকে। যদিও বিগত সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দুটি আসনে জয়লাভ করেছে। বগুড়ায় বিএনপির শক্তিশালী অবস্থানের কারণেই এককভাবে আন্দোলন-কর্মসূচি পালন করেন দলের নেতা-কর্মীরা। সেখানে ১৮ দলীয় জোট বা আগের চারদলীয় জোটের নেতাদের তেমন দেখা যেত না। এখনো বিএনপি ছাড়া জোটের অন্য দলের নেতাদের দেখা যাচ্ছে না। কেন্দ্রীয়ভাবে ১৮ দলীয় জোট গঠন করে আন্দোলন-কর্মসূচি ঘোষণা করা হলেও বগুড়ায় ঈদের আগে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের ভাষায়, ‘এটা খসড়া কমিটি।’ তিনি জানান, ১৮ দলীয় জোটের ব্যানারে বগুড়ায় কোনো কর্মসূচি পালন করা হয়নি। কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণার পর তাঁরাই পালন করেছেন। কখনো কখনো জোটের দলগুলোকে ডাকা হয়। কিন্তু তারা খুব একটা আসে না।জয়নাল আবেদীন বলেন, কেন্দ্রীয়ভাবে ১৮ দলীয় জোট গঠন করা হলেও বগুড়ায় বিএনপিসহ সাতটি দল রয়েছে। এখন যেহেতু জোটের কমিটি গঠন করা হয়েছে, সেহেতু যেকোনো আন্দোলন এখন জোটের মাধ্যমেই করা হবে। এতে জোটের নেতারা থাকবেন বলে আশা করছেন।জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম বলেন, চারদলীয় জোট থাকা অবস্থায় বগুড়ায় যেভাবে আন্দোলন-কর্মসূচি পালিত হয়েছে, এখনো তেমনি হচ্ছে। জোটের সাতটি দল বগুড়ায় থাকলেও বাকি দলগুলো কী তা তাঁর জানা নেই। তিনি মনে করেন, বিগত দিনে বিএনপি সরকার যে উন্নয়ন বগুড়ায় করেছে, স্বাধীনতার পর আর কোনো সরকার করেনি। এখানে বেশির ভাগ মানুষের দল বিএনপি। তাই বগুড়ায় বিএনপি এককভাবে যেকোনো আন্দোলন চালানোর ক্ষমতা রাখে।জেলা বিএনপির শীর্ষস্থানীয় সাবেক এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপির অনেক নেতা-কর্মী আন্দোলন করতে চান না। এই আন্দোলন পুলিশও পছন্দ করে না। জামায়াত এককভাবে কোনো মিছিল বের করলে সেখানে পুলিশ গিয়ে বাধা দেয়। এসব কারণে জামায়াত ছাড়াই বগুড়ায় আন্দোলন চলছে। জেলা জামায়াতের আমির মোহামঞ্চদ শাহাবুদ্দিন বলেন, কেন্দ্রীয় অনেক কর্মসূচি তাঁদের ছাড়াই পালন করা হয়েছে। তা ছাড়া তাঁদের এমন সময় ডাকা হয়, তাতে তাঁরা অংশ নিতে পারেন না। এর আগে বিএনপি এককভাবেই সব করছে। এত দিন জোটের কমিটি ছিল না। এখন কমিটি করা হয়েছে। দেখা যাক কী হয়।জেলা এলডিপির সভাপতি মোখলেছুর রহমান বলেন, এত দিন জোটের কোনো আন্দোলন-কর্মসূচিতে ডাকা হয়নি। ১৮ দলীয় জোটের জেলা পর্যায়ে একটি কমিটি হয়েছে।জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বগুড়া জেলা শাখার সভাপতি আমির হোসেন বলেন, অনেক কর্মসূচি তাঁদের ছাড়াই করা হয়েছে। বর্তমানে জোটের খসড়া কমিটি করা হয়েছে। এখন থেকে যৌথভাবে আন্দোলন করা হবে।