বগুড়ায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার বগুড়া-রংপুর মহাসড়কের বগুড়ার মাটিডালী থেকে মোকামতলা পর্যন্ত এলাকায় অসংখ্য গাড়ি আটকা পড়ে। এতে সড়কের ওই অংশে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এ কারণে যাত্রীদের যেমন ভোগান্তি পোহাতে হয়েছে তেমনি কাঁচামাল ব্যবসায়ীদেরও আর্থিক ক্ষতি হয়েছে। গত সোমবার থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা গাড়িগুলো ধর্মঘটের কারণে বগুড়ায় এসে আটকা পড়ে। গতকাল মঙ্গলবার বিকেলে ধর্মঘট প্রত্যাহারের পর রাস্তার বেরিকেড তুলে নেওয়া হলে এসব গাড়ি ফের যাত্রা শুরু করে। ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সোমবার থেকে এই ধর্মঘট শুরু করেছিল।