বগুড়ায় মাত্র তিন সপ্তাহের মধ্যে ক্ষমতাসীন দল ও এর অঙ্গসংগঠনের তিনজন নেতা-কর্মী খুন হয়েছেন। আর খুনিরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পুলিশ প্রশাসনেও দেখা দিয়েছে উদ্বেগ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘একের পর এক এসব হত্যার ঘটনায় পুলিশ প্রশাসনও উদ্বিগ্ন। দলীয় কোন্দল ঘিরেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে। আসামি ধরতে গেলেও সমস্যা দেখা দিচ্ছে। প্রকৃত আসামিরা গ্রেপ্তার না হওয়ায় হত্যার ঘটনা বাড়ছে। অবস্থা এমন যে, কুলখানি হওয়ার আগেই আবার লাশ পড়ছে।’ শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা খায়রুল আনাম হত্যার ঘটনায় দলটি পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার তিনি খুন হন। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার শহরের সাতমাথায় দলের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। খায়রুল হত্যার মাত্র দুই দিন পর বুধবার রাতে শহরের ফুলতলা এলাকায় সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে খুন হন যুবলীগের কর্মী শামীম হোসেন ওরফে বুশ। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, শামীম হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে সন্দেহভাজন হিসেবে রবিউল আলম ও আবদুল কাদের নামের দুজনকে আটক করা হয়েছে। শামীম হোসেনও পুলিশের তালিকায় একজন সন্ত্রাসী হিসেবে ছিলেন। তিনি একটি হত্যা মামলার আসামি। খায়রুল হত্যার ঘটনায় তাঁর বাবা আবদুল কাইয়ুম বাদী হয়ে বগুড়া সদর থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ছয়জনকে আসামি দেখানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকার আধিপত্য বিস্তার ও ঠিকাদারির টাকা ভাগ-বাটোয়ারাসহ পূর্ববিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্তভার গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়েছে। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান বলেন, সবে মামলাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আশা করছি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে। এরই মধ্যে যে দুজনকে আটক করা হয়েছিল তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এই দুই খুনের ঘটনার আগে ২৯ নভেম্বর রাতে শহরের খান্দার এলাকায় সন্ত্রাসীদের হাতে খুন হন শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান ওরফে সুজন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, এলাকায় অধিপত্য বিস্তার, অন্যের জমি দখল ও জমি কেনাবেচার টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে দলীয় প্রতিপক্ষের হাতে খুন হন সুজানুর। এ ঘটনায় যুবলীগের কর্মী মোস্তাকীনসহ ২০ জনকে অভিযুক্ত করে মামলা হয়। প্রকৃত দোষীরা নাগালের বাইরে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিয়াজউদ্দিন জানান, অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চালানো হচ্ছে। কিন্তু গা-ঢাকা দিয়ে থাকায় তাঁদের ধরা যাচ্ছে না। সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, তিনটি হত্যাকাণ্ডই তাঁরা গুরুত্বের সঙ্গে দেখছেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টাও অব্যাহত রেখেছে।