বগুড়ায় ২১টি পুকুর ইজারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি জলমহাল নীতিমালা নিয়ে জটিলতার কারণে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৩২৪ বিঘার ২১টি সরকারি পুকুর (জলাশয়) ইজারা দেওয়া যায়নি। এতে গত দেড় বছরে সরকার কয়েক লাখ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে। ইজারা না হওয়ায় প্রভাবশালী ব্যক্তিরা পুকুরগুলো ভোগদখল করছেন। খোঁজ নিয়ে জানা গেছে, এসব পুকুর ২২ বছর ধরে দখল করে রেখেছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। বিগত এরশাদ সরকারের শাসনামলে মন্ত্রণালয়ের এক আদেশে ৩২৪ বিঘার ২১টি জলাশয় নামমাত্র দামে দখল করে রাখায় ২০১০ সাল পর্যন্ত সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়। এ-সংক্রান্ত একটি খবর প্রথম আলোয় প্রকাশের পর সেই ইজারা বাতিল করে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে পুকুরগুলো উপজেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর কয়েকবার ইজারার দরপত্র আহ্বান করা হলেও এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইজারা নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু নীতিমালা না থাকায় ইজারা দেওয়া যায়নি। এ সুযোগে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এসব পুকুরে মাছ চাষ করে ভোগদখল করছেন।নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ বলেন, ইজারা দেওয়ার নীতিমালা নিয়ে সমস্যা থাকায় এসব পুকুর ইজারা হয়নি। ২০০৯ সালের জলমহাল ইজারা নীতিমালা অনুযায়ী এই পুকুরগুলো ইজারা দেওয়ার কথা থাকলেও অনেক প্রতিষ্ঠান এই নীতিমালার বাইরে ইজারা দেওয়ার দাবি জানায়। সে জন্য মন্ত্রণালয়ের কাছে চিঠি লেখা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি বলেন, ২০০৯ সালের নীতিমালা সংশোধন করে ২০১২ সালে একটি নীতিমালা করা হয়েছে। এর আলোকে কীভাবে এসব পুকুর ইজারা দেওয়া যাবে, তা জানতে চেয়ে ভূমি মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তাদের দিকনির্দেশনা পাওয়ার পর ইজারার ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, পুকুরগুলো কেউ দখল করেনি; এগুলো পড়ে রয়েছে।