বগুড়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরে হঠাত্ করেই ধারালো অস্ত্রের ব্যবহার ও খুনোখুনির ঘটনা বেড়ে যাওয়ায় অপরাধীদের গ্রেপ্তারে জেলাজুড়ে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ২১ জন সাম্প্রতিক সময়ে জেলায় রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও ভাঙচুর মামলার আসামি। গ্রেপ্তার অভিযানের সময় আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, নির্বাচন ও হরতালের মতো রাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে পুলিশের ব্যস্ততার সুযোগে বিভিন্ন মামলার আসামি, চিহ্নিত অপরাধী ও উঠতি সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে কিছু অপরাধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব অপরাধী কর্মকাণ্ড ঠেকাতে জেলাজুড়ে বিশেষ অভিযান চলছে। ধারালো অস্ত্র উদ্ধারে মোটরসাইকেল থামিয়ে সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হচ্ছে।

বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া সদরে ৫২ জন, শিবগঞ্জে ৩৫, সোনাতলায় ৬, গাবতলীতে ১৭, সারিয়াকান্দিতে পাঁচ, ধুনটে আট, শেরপুরে ১৭, নন্দীগ্রামে তিন, আদমদীঘিতে পাঁচ, দুপচাঁচিয়ায় ১২, কাহালুতে সাত এবং শাজাহানপুরে ১১  জনকে  গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২১ জন বগুড়ার সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মামলার আসামি। অভিযানে একটি বিদেশি পিস্তল, পাঁচটি ধারালো অস্ত্রসহ মাদক উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় ১৩টি মামলা দায়ের হয়েছে।

গত মঙ্গলবার রাত নয়টার দিকে বগুড়া শহরে আবদুল মজিদ ও আবদুল বাকী এবং শনিবার রাত ১০টার দিকে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে খুন হন। ওই তিনটি হত্যাকাণ্ডেই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। এসব ঘটনার পর পরই ধারালো অস্ত্র উদ্ধারসহ বিশেষ অভিযান শুরু করে পুলিশ।