বগুড়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৭৮ জন
বগুড়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিনাজপুরের ঘোড়াঘাট ও লক্ষ্মীপুরের রামগতিতে গ্রেপ্তার হয়েছেন জামায়াত-শিবিরের দুই নেতা।
বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক বলেন, হঠাৎ করেই ধারালো অস্ত্রের ব্যবহার ও খুনোখুনি বেড়ে যাওয়ায় পুলিশ অপরাধীদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে। তিনি বলেন, নির্বাচন ও হরতাল সামাল দিতে পুলিশ ব্যস্ত ছিল। এ সুযোগে বিভিন্ন মামলার আসামি, চিহ্নিত অপরাধী ও উঠতি সন্ত্রাসীরা বিচ্ছিন্নভাবে কিছু অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। এসব অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে জেলায় বিশেষ অভিযান চলছে।
গত মঙ্গলবার রাতে বগুড়া শহরে আবদুল মজিদ ও আবদুল বাকী এবং শনিবার রাতে রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী খুন হন। এই তিনটি হত্যাকাণ্ডেই ধারালো অস্ত্র ব্যবহার করা হয়।
বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া সদরে ৫২ জন, শিবগঞ্জে ৩৫, সোনাতলায় ৬, গাবতলীতে ১৭, সারিয়াকান্দিতে ৫, ধুনটে ৮, শেরপুরে ১৭, নন্দীগ্রামে ৩, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ১২, কাহালুতে ৭ ও শাজাহানপুরে ১১ জন গ্রেপ্তার হয়েছেন। তাঁদের মধ্যে ২১ জন বগুড়ায় সাম্প্রতিক সহিংসতা ও নাশকতা মামলার আসামি। অভিযানকালে একটি আগ্নেয়াস্ত্রসহ কিছু ধারালো অস্ত্র ও মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
ঘোড়াঘাটে জামায়াত নেতা গ্রেপ্তার: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রোববার দিবাগত রাতে আতাউর রহমান (৫৩) নামের জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন জামায়াতের আমির। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, নির্বাচনের দিন ঘোড়াঘাটের বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতার অভিযোগের মামলায় আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
রামগতিতে গ্রেপ্তার শিবিরের নেতা: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমান ওরফে রাসেলকে গতকাল সোমবার সকালে পুলিশ গ্রেপ্তার করেছে। রামগতি থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, হরতাল-অবরোধে নাশকতা, সরকারি গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং নির্বাচনে সহিংসতার অভিযোগে আশরাফুর রহমানের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে।
[প্রতিবেদন তৈরিতে তথ্য সরবরাহ করেছেন বগুড়া, বিরামপুর (দিনাজপুর) ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি]