বগুড়ায় ২৪ ঘণ্টায় পৌর কাউন্সিলরসহ ৮২ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মঙ্গলবার রাত আটটা থেকে বুধবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌরসভার একজন কাউন্সিলরসহ ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জেলা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, বগুড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জাসাস) জেলা কমিটির সম্পাদক দেলওয়ার হোসেনকে বগুড়া-৬ (সদর) আসনে মহাজোট সমর্থিত-লাঙল মার্কার প্রার্থী নূরুল ইসলাম ওমরের নির্বাচনী সভায় ককটেল হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদেরও বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা-ভাঙচুর মামলায় বিস্ফোরক দ্রব্য আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বুধবার কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী থানা ভিত্তিক গ্রেপ্তারের পরিসংখ্যান হলো বগুড়া সদর থানা ১৬, শিবগঞ্জ ২৪, সোনাতলা থানায় ৩, গাবতলী মডেল থানা ২, সারিয়াকান্দি থানায় ৯ জন, ধুনট থানায় ৫, শেরপুর থানায় ৬, আদমদীঘিতে ৩, দুপচাঁচিয়া সাবেক পৌর মেয়র আবদুল জলিলসহ ৯, কাহালু ২, শাজাহানপুর থানায় ১ এবং নন্দীগ্রাম থানায় দুজন গ্রেপ্তার হয়েছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান বলেন, মঙ্গলবার রাতের অভিযানে পৌর কাউন্সিলর দেলওয়ার হোসেনসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।