বগুড়ায় ৪০০০ অবৈধ অটোরিকশা মাসোহারা পুলিশের পকেটে
বগুড়ায় চলাচল করছে নিবন্ধনহীন প্রায় চার হাজার সিএনজিচালিত অটোরিকশা। ভুয়া নম্বরে কিংবা নম্বরপ্লেট ছাড়াই এসব অটোরিকশা চলছে। ট্রাফিক পুলিশের সার্জেন্টরা মাসোহারা নিয়ে অবৈধ অটোরিকশাগুলোকে চলাচলের সুযোগ দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, ২০০৭ সালে বগুড়ায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়। প্রথমে শহরের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরে উপজেলা পর্যায়ের অর্ধশত পথে যাত্রী পরিবহন শুরু করে অটোরিকশা। কিন্তু শহরের পরিধি ও ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ১৫ এপ্রিল আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) সভায় সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা দেড় হাজারের মধ্যে সীমিত রাখার সিদ্ধান্ত হয়। ২০১০ সালে আবার প্রায় দেড় হাজার অটোরিকশার নিবন্ধন দেওয়া হয়।বিআরটিএ বগুড়ার সহকারী পরিচালক গিয়াস উদ্দিন জানান, জেলায় বর্তমানে তিন হাজার অটোরিকশার নিবন্ধন রয়েছে। ২০১০ সালের পর কোনো নিবন্ধন দেওয়া হয়নি। এতে করে নিবন্ধনহীন অটোরিকশা চলাচল বেড়ে যাচ্ছ কি না, জানতে চাইলে গিয়াস উদ্দিন বলেন, আরটিসির সিদ্ধান্ত ছাড়া নিবন্ধন দেওয়া সম্ভব নয়।নাম প্রকাশ না করার শর্তে নিবন্ধনহীন একটি অটোরিকশার চালক বলেন, ‘প্রতি মাসে ৪০০ থেকে ৫০০ টাকা পুলিশকে দিলেই এক মাস শহরের সড়কে গাড়ি চালানো যায়। পুলিশকে প্রতি মাসে টাকা দেওয়ার এ ব্যবস্থাকে আমরা বলি “মাল্টি সিস্টেম”।’দত্তবাড়ি সিএনজি মালিক সমিতির আওতাধীন একটি অটোরিকশার চালক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘মাহবুব স্যারের কাছে (ট্রাফিক পুলিশের সার্জেন্ট মাহবুবুর রশিদ) নিবন্ধনহীন গাড়ির চালকের নাম ও ফোন নম্বর আছে। প্রতি মাসের ৪ থেকে ৫ তারিখের মধ্যে তিনি এসব চালককে ফোন করেন। অটোরিকশাপ্রতি তাঁকে ৫০০ টাকা দিলে এক মাস গাড়ি চালানোর অনুমতি পাওয়া যায়। টাকা না দিলে তিনি অটোরিকশা ধরে নিয়ে যান। তখন গাড়ি ছাড়িয়ে আনতে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়। তাই গাড়ির চালকেরা পুলিশকে টাকা দিতে দেরি করে না।’তবে খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ ক্ষেত্রে সার্জেন্টরা সরাসরি টাকা না নিয়ে মালিক সমিতির লোকজনের সহযোগিতায় মাসিক টাকা তোলেন। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু হলে চালকেরা ছুটে যান সমিতির নেতাদের কাছে। এরপর অর্থের বিনিময়ে পুলিশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে গাড়ি চালানোর ব্যবস্থা করে দেয় সমিতি।শহরের সাত-মাথা সিএনজি মালিক সমিতির আওতাধীন আরেকজন অটোরিকশাচালক বলেন, ‘নম্বরবিহীন গাড়ি চালানোর জন্য আমরা আমাদের সমিতিতে প্রতি মাসে ৫০০ টাকা জমা দিই। সমিতির লোকেরা পুলিশকে হাত (ম্যানেজ) করে।’কয়েকজন অটোরিকশাচালক জানান, তাঁরা চান সরকারের তহবিলে টাকা দিয়ে গাড়ির নিবন্ধন। কিন্তু জেলা প্রশাসন বা বিআরটিএ নিবন্ধনের সুযোগ দিচ্ছে না। এতে করে পকেট ভারী করার সুযোগ পাচ্ছে পুলিশ।দত্তবাড়ি সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম পুলিশকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, সরকারিভাবে নতুন অটোরিকশার নিবন্ধন দেওয়া হলে এ অবস্থার সৃষ্টি হতো না।বগুড়া জেলা অটোটেম্পো/অটোরিকশা/সিএনজি পরিবহন মালিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক একরামুল করিম জানান, বগুড়া শহরে প্রায় সাড়ে পাঁচ হাজার অটোরিকশা চলাচল করে। এর মধ্যে নিবন্ধনহীন আড়াই হাজার অটোরিকশা চলে পুলিশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে। শহরের বাইরে চলাচলকারী গাড়ি হিসাবে নিলে নিবন্ধনহীন অটোরিকশার সংখ্যা চার হাজার ছাড়িয়ে যাবে।সার্জেন্ট মাহবুবুর রশিদ নিবন্ধনহীন অটোরিকশা থেকে অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘অবৈধ অটোরিকশার বিরুদ্ধে মাঝেমধ্যে অভিযান চালানো হচ্ছে।’