বগুড়ায় ৪২ কেন্দ্রের ফল নিয়ে প্রশ্ন
বগুড়ার গাবতলীর কাগইল করুণাকান্তি উচ্চবিদ্যালয় কেন্দ্রে কোনো ভোট পড়েনি। ভোটের আগেই কেন্দ্র ছাড়তে হয় প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচনী কর্মকর্তাদের। নষ্ট করে ফেলা হয় ভোটের সব সরঞ্জাম। অথচ ভোটের ফলাফলে ওই দুই কেন্দ্র মিলিয়ে ভোট দেখানো হয়েছে ১৫২টি।
ভোট গণনা ছাড়া এমনকি ভোটের কোনো প্রমাণ ছাড়াই ভোটের ফল তৈরি হয়েছে। কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং কর্মকর্তাই জানেন না, অথচ তাঁর কেন্দ্রে ভোট হয়েছে আবার তার ফলও প্রকাশ হয়েছে। প্রথম আলোর অনুসন্ধানে ভোট ও ফলাফল ঘোষণার এই কাণ্ড বেরিয়ে এসেছে বগুড়া-৭ নির্বাচনী এলাকার গাবতলী উপজেলায়।
গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে বগুড়া-৭ নির্বাচনী আসন। এই আসনের ১৬১টি কেন্দ্রের মধ্যে ৪৬টি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। বেসরকারিভাবে অবশিষ্ট ১৬১টি কেন্দ্রের ফল প্রকাশ করা হয়েছে। এর মধ্যে গাবতলী উপজেলার ৪২টি কেন্দ্রের ফলও প্রকাশ করা হয়। এই আসনেই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের গ্রামের বাড়ি।
অনুসন্ধানে জানা গেছে, ভোটের কেন্দ্রে যা-ই ঘটুক, ফল তৈরি হয়েছে উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে উপজেলা পরিষদে। রোববার নির্বাচন শেষে এই উপজেলার ৮৮ কেন্দ্রের মধ্যে ৪২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। কোনো রকম ভোট গণনা, ভোটসমেত ব্যালট পেপার ছাড়াই কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। যে ৪২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, তাতে তিন হাজার ১১০টি ভোট পড়েছে বলে দেখানো হয়। যার মধ্যে লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আলতাফ আলী পেয়েছেন এক হাজার ৫৭৫ ভোট আর জাতীয় পার্টি জেপি (মঞ্জু) এ টি এম আমিনুল ইসলাম সাইকেল প্রতীকে পেয়েছেন এক হাজার ৩৫ ভোট।
যেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে তার প্রায় ১০টিরও বেশি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে প্রথম আলোর প্রতিবেদকদের কথা হয়েছে। তাঁদের বক্তব্যের রেকর্ডও রয়েছে। এসব কর্মকর্তার অধিকাংশই জানিয়েছেন, রোববার দুপুরের আগেই তাঁদের ভোটের সরঞ্জাম ছিনতাই করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। কোনোরকমে জীবন নিয়ে তাঁরা কেন্দ্র থেকে ফিরে এসেছেন। পুরো সময় (সকাল আটটা থেকে বিকেল চারটা) ভোট নেওয়া সম্ভব হয়নি। ভোট গণনাও হয়নি।
ব্যালট পেপার ও ভোট গণনা ছাড়া ভোটের ফল প্রকাশের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, রোববার দুপুরের মধ্যে উপজেলার প্রায় সব কেন্দ্রের ভোট পণ্ড হয়ে যাওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তাদের উপজেলা কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় তাঁদের অনেকের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নিয়ে রাখা হয়। পরে সেই ফরমে উপজেলা প্রশাসন ও নির্বাচন কর্মকর্তা মিলে নিজেদের মতো করে ভোটের সংখ্যা বসিয়ে দেন। যার কিছুই জানেন না কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা।
গতকাল সোমবার বিকেলে গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, তাঁর টেবিলের ওপর বেশ কিছু ১৬ নম্বর ফরম ছড়ানো-ছিটানো রয়েছে। তাতে ভোটের সংখ্যা ও কেন্দ্রের নাম লেখার কাজ হচ্ছে। কিছু ফরম ঘষামাজা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এসব ফরমে প্রিসাইডিং কর্মকর্তার স্বাক্ষর, নাম, ভোটকেন্দ্র, প্রাপ্ত ভোটসংখ্যাসংবলিত বিভিন্ন তথ্য রয়েছে। সবই হাতে লেখা। তবে একই ফরমে ভিন্ন ভিন্ন হাতের লেখা দেখা গেছে। অবশ্য সাংবাদিক পরিচয় জানার পর উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু সাইদ এসব ফরম তাড়াহুড়ো করে গুছিয়ে নেন।
ভোটের সরঞ্জাম নষ্ট হওয়ার পরও কীভাবে ভোটের ফল প্রকাশ করা হলো, জানতে চাইলে সৈয়দ আবু সাইদ বলেন, ‘প্রিসাইডিং কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে ফলাফল ঘোষণা করা হয়েছে। অনেক কেন্দ্র থেকে ব্যালট পেপার অক্ষত অবস্থায় আনা সম্ভব হয়নি। আমরা শুধু প্রিসাইডিং কর্মকর্তাদের প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত ফল তৈরি করেছি।’
এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয় ঘোষিত তিন হাজার ১১০ ভোটের ব্যালট পেপার তাঁর কাছে আছে কি না? জবাবে তিনি বলেন, সবগুলো নেই। পরে বলেন, ‘আমি এখনো সব গুনে দেখিনি।’
নির্বাচনের দিন চকবোচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জামে আগুন লাগিয়ে দেওয়া হয়। প্রথম আলোতে সেই ছবিটি সোমবার ছাপা হয়। অথচ এই কেন্দ্রেরও ফলাফল ঘোষণা হয়। তাতে ৬৬টি ভোট পড়েছে বলে দেখানো হয়েছে।
জানা গেছে, রোববার উপজেলা পর্যায় থেকে কোনো ফলাফল কাউকে জানানো হয়নি। স্থানীয়ভাবে সাংবাদিকদের ফলাফল না জানিয়ে জেলা নির্বাচনী তথ্যকেন্দ্র থেকে ভোটের ফলাফল জানানো হয়।