বগুড়ায় ৪৩৬টি হত্যাকাণ্ড ৩৫ জনই আ.লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পাঁচ বছরে ৪৩৬টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজনৈতিক দলের নেতা-কর্মী খুনের ঘটনা ছিল সবচেয়ে বেশি। ২০০৯ সালে সরকারের প্রথম বছরে সর্বোচ্চ ৯০টি খুনের ঘটনা ঘটে। শেষ বছরের ১০ মাসে খুনের ঘটনা ঘটেছে ৮৪টি। বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছরে হত্যার ঘটনা ছিল ৪০১টি। ২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের দুই বছরে ছিল ১৭০টি। জেলা পুলিশের অপরাধ শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হক বলেন, শহরের আয়তন ও লোকসংখ্যা বাড়ছে। বাড়ছে অপরাধীর সংখ্যা। পাশাপাশি অপরাধের ধরনও পাল্টেছে। এ কারণে পাঁচ বছর আগের সময়ের সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো-মন্দের মূল্যায়ন করা ঠিক হবে না।
এসপি বলেন, গত ১২ বছরের মধ্যে ২০০৬ সালে সর্বোচ্চ ১০৬টি হত্যাকাণ্ড ঘটে। সেই তুলনায় খুনের সংখ্যা এখন কম। চলতি বছরের গত ১০ মাসে ৮৪টি হত্যাকাণ্ডের মধ্যে ৩ মার্চ জামায়াত-শিবিরের সহিংসতায় বেশ কিছু নিহতের ঘটনা ঘটেছে। রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বেশির ভাগ খুন হয়েছেন আধিপত্য বিস্তার, দখল, বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও ব্যক্তিগত বিরোধসহ আরও কিছু কারণে।
বর্তমান সরকারের পাঁচ বছরে আধিপত্য বিস্তারসহ দলীয় কোন্দলে খুন হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কমপক্ষে ৩৫ জন নেতা-কর্মী। এ ছাড়া বেশ কিছু খুনের ঘটনা ছিল আলোচিত।
সরকারের শেষ বছরে সবচেয়ে আলোচিত ছিল জেলা যুবলীগের সদস্য মজনু মিয়া ও তাঁর ভাতিজা নাহিদ হাসান হত্যাকাণ্ড। জমি দখলের টাকা ভাগাভাগি নিয়ে গত ২৫ মে শহরতলির গন্ডগ্রামে দলীয় ক্যাডারদের হাতে খুন হন তাঁরা।
২২ সেপ্টেম্বর সরকারি আজিজুল হক কলেজের ছাত্র জাহিদ হাসান, ১ আগস্ট শহরের সূত্রাপুর এলাকায় ওষুধ কোম্পানির আঞ্চলিক কার্যালয়ের দুই নিরাপত্তাকর্মী তাজুল ইসলাম ও রাসেল মিয়াকে হত্যা করে টাকা লুট, ১ এপ্রিল শহরের ঠনঠনিয়া এলাকায় সন্ত্রাসীদের হাতে কলেজছাত্র নাহিদ হোসেন খুনের ঘটনাটি ছিল বছরের আলোচিত হত্যাকাণ্ড।
২০১২ সালে রাজনৈতিক দলের নেতা-কর্মী হত্যাকাণ্ডের ঘটনা ছিল সবচেয়ে বেশি। সবচেয়ে আলোচিত ছিল শহর আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সুজানুর রহমান হত্যাকাণ্ড। তিনি ২৯ নভেম্বর রাতে দলীয় সন্ত্রাসীদের হাতে খুন হন। ১৭ ডিসেম্বর দিনদুপুরে শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খায়রুল আনামকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ভেতরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ১৯ ডিসেম্বর রাতে শহরতলির ফুলতলা-চকতানপাড়া এলাকায় প্রতিপক্ষের হাতে খুন হন জেলা যুবলীগের কর্মী শামিম হোসেন। সবকিছু ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচিত ছিল ৫ এপ্রিল কাহালু পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্র নাঈমুর রহমানকে অপহরণের পর ইটভাটায় পুড়িয়ে হত্যার ঘটনাটি।
২০১১ সালের আলোচিত ছিল ১৯ ফেব্রুয়ারি আজিজুল হক কলেজের ছাত্র শরিফুল ইসলাম হত্যাকাণ্ড। এ ছাড়া ২৪ মে শহরতলির ফুলদীঘি হর্টিকালচার সেন্টারে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগের নেতা আমিনুর রহমান খুনের ঘটনাটিও আলেচিত ছিল। ২০১০ সালের ১৭ সেপ্টেম্বর রাতে শহরের নারুলী এলাকায় সাবগ্রাম বন্দর শ্রমিক লীগের সভাপতি হাসানুজ্জামান এবং ৪ জুন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেনকে শহরের শিববাটি সেবক সংঘে গুলি করে হত্যা করা হয়। ১২ ফেব্রুয়ারি নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউছুফ আলীকে হত্যা করার পর জনতার হাতে ধরা পড়েন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান। পরে জনতার পিটুনিতে তিনিও নিহত হন।
২০০৯ সালের ৫ জানুয়ারি প্রতিপক্ষের হাতে খুন হন যুবলীগের নাটাইপাড়া আঞ্চলিক কমিটির সদস্য সবুজ মিয়া। ২৩ ফেব্রুয়ারি খুন হন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সুমন চৌধুরী।