বগুড়ায় ৪৪৭ বস্তা মাছের খাদ্য উদ্ধার গ্রেপ্তার ৫
মানিকগঞ্জের শিবালয় থেকে ছিনতাই হওয়া ট্রাকের ৫৩০ বস্তা মাছের খাদ্যের মধ্যে ৪৪৭ বস্তা গত শনিবার রাতে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুরইলের কদমকড়ি থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) উদ্ধার করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া ডিবি পুলিশের পরিদর্শক মিজানুর রহমান জানান, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের রুম্মান আলী গত ১৪ জুলাই রাতে শিবালয়ের পদ্মার মোড়-নলকা সেতু এলাকা থেকে ওই ৫৩০ (১৩ টন) বস্তা খাদ্য কিনে একটি ট্রাকে করে বগুড়ায় নিচ্ছিলেন। পথিমধ্যে ডাকাতেরা ট্রাকটি ছিনতাই করে চালক ও তাঁর সহকারীর হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরের দিন খালি ট্রাকটি (গাজীপুর-ট-০২-০০০৮) বগুড়ার নন্দীগ্রামের কাতম এলাকা থেকে উদ্ধার করা হয়। গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, শনিবার রাতে নন্দীগ্রাম উপজেলার বুরইলের কদমকড়ি এলাকার তুইন ট্রেডার্সের গুদামে অভিযান চালিয়ে ওই ৪৪৭ বস্তা মাছের খাদ্য উদ্ধার করা হয়। লুট হওয়া মালামাল কেনা ও মজুদ রাখার অভিযোগে আবদুল আলীম, শফিকুল ইসলাম, আবদুল হাই, তারেক মাহমুদ ও আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করা হয়।