বগুড়ায় ৪৬ কেন্দ্রে ভোট স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার অর্ধেকের বেশি ভোটকেন্দ্রে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলার প্রায় সব কটি ভোটকেন্দ্রেই গতকাল হামলা-ভাঙচুর, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ, বোমা হামলা বা নির্বাচনী কর্মকর্তাদের মারধরের ঘটনা ঘটে। অধিকাংশ কেন্দ্রেই দুপুরের মধ্যে ভোট গ্রহণ থেমে যায়।
সকালে গাবতলী থানাতেও হামলার চেষ্টা করা হয়। এ ছাড়া, বগুড়ার দুটি নির্বাচনী এলাকার বাকি তিন উপজেলায় একাধিক ভোটকেন্দ্রে হামলা হয়েছে। এসব ঘটনায় পুলিশের চারজন সদস্য, নির্বাচনী কর্মকর্তা, আনসার সদস্যসহ প্রায় ৩০ জন আহত হয়েছেন। এঁদের দুজন গুলিবিদ্ধ হন।
গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৭ আসনে জাতীয় পার্টি (মঞ্জু)—জেপি দলের প্রার্থী এ টি এম আমিনুল ইসলাম (সাইকেল) নিজের ভোটটিও দিতে পারেননি। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমি ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট গ্রহণ বন্ধ হয়ে গেছে।’ এ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মুহাম্মদ আলতাফ আলী (লাঙ্গল)।
বগুড়ার সাতটি আসনের মধ্যে আর ভোট হয়েছে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা নিয়ে গঠিত বগুড়া-৪ আসনে। এ আসনে জাতীয় পার্টির নুরুল আমিনের (লাঙ্গল) প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের এ কে এম রেজাউল করিম (মশাল)।
জেলা নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী গতকাল রাতে প্রথম আলোকে বলেন, গাবতলীর ৮৮টি কেন্দ্রের ৪৬টিতে ভোট স্থগিত ঘোষণা করা হয়েছে। ভোট শুরুর আগেই আটটি কেন্দ্রে হামলা করে হামলাকারীরা ভোটের সরঞ্জাম আগুনে পুড়িয়ে দেয়। ফলে এসব কেন্দ্রে আর ভোট নেওয়া যায়নি। অর্ধশতাধিক কেন্দ্রে ভোট পড়ার আগে হামলাকারীরা ভোটের সরঞ্জাম পুড়িয়ে দেয়। প্রিসাইডিং কর্মকর্তাসহ একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, দুপুরের মধ্যে প্রায় সব কটি কেন্দ্রই গুটিয়ে নেওয়া হয়। এবং নির্বাচনী কর্মকর্তাদের কেন্দ্র ছাড়তে হয়।
গতকাল সকাল থেকে গাবতলী উপজেলার পাঁচটি কেন্দ্র ঘুরে হামলা ও ভাঙচুরের চিহ্ন, ককটেলের স্প্লিন্টার, আগুনে পুড়ে যাওয়া ব্যালট পেপারের অবশিষ্টাংশ এবং ভাঙা চেয়ারটেবিল পড়ে থাকতে দেখা যায়। এসব কেন্দ্রে কোনো নির্বাচনী কর্মকর্তাকে পাওয়া যায়নি। পরে ফোনে যোগাযোগ করা হলে প্রিসাইডিং কর্মকর্তাসহ নির্বাচনী কর্মকর্তারা ভোটকেন্দ্রে হামলা ও ভোটের সরঞ্জামে অগ্নিসংযোগের কথা নিশ্চিত করেন।
রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা গোলাম রব্বানী প্রথম আলোকে বলেন, ‘সকালে কেন্দ্রে যাওয়ার পথে আমাদের দলের ওপর হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে আমরা কেন্দ্রে না গিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলা পরিষদ কার্যালয়ে ফিরে আসি।’
সকাল নয়টায় শহীদ জিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে নৈশপ্রহরী টুকু মিয়া ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। নয়টার আগেই ওই কেন্দ্রে হামলা চালানো হয়। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও নির্বাচনী সরঞ্জাম ছিনতাই করে তাতে আগুন দেওয়া হয় বলে টুকু মিয়া জানান।
শাজাহানপুর, নন্দীগ্রাম ও কাহালুতে ভোট গ্রহণ তুলনামূলক শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্ন কিছু ঘটনাসহ কয়েকটি কেন্দ্রে ককটেল হামলা ঘটে। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।
থানায় হামলার চেষ্টা: এদিকে সকাল সাড়ে নয়টায় গাবতলী মডেল থানা লক্ষ্য করে একাধিক ককটেল ছুড়ে মারে দুষ্কৃতকারীরা। এ সময় পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে মিজানুর রহমান ও জনি মিয়া নামের দুজন গুলিবিদ্ধ হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এ দুজন অবশ্য নিজেদের নির্দোষ দাবি করেছেন।
এ ছাড়া গাবতলীতে ভোটকেন্দ্র পরিদর্শনে যাওয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিকুর রেজা বিশ্বাস এবং পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হকের গাড়ি লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। পুলিশ এদের ‘ভোট প্রতিহতকারী গোষ্ঠী’ বলে চিহ্নিত করেছে।
গাবতলী থানায় হামলার সময় সেখানে প্রথম আলোসহ একদল সাংবাদিক উপস্থিত ছিলেন। হামলাকারীরা প্রথমে মিছিল নিয়ে দুই দিক থেকে থানার কাছে এসে থানার দিকে ককটেল ও ইটপাটকেল ছুড়তে থাকে। তারা থানায় ঢুকে পড়তে চেষ্টা করলে পুলিশও ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়তে থাকে। পরে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা আসেন। একপর্যায়ে এসপি নিজেই কয়েক গাড়ি পুলিশ নিয়ে থানায় হাজির হন। এই হামলা ও পাল্টাহামলা চলে প্রায় ৪৫ মিনিট।
এসপি মোজাম্মেল হক বলেছেন, এ ব্যাপারে পুলিশ মামলা করবে। এ ছাড়া তিনি বলেন, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
থানায় হামলার আগে সামনের গাবতলী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রটিতে হামলা চালিয়ে নির্বাচনী কর্মকর্তাদের বের করে দেয় হামলাকারীরা। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা বলছেন, হামলাকারীরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারীদের মারধর করে ব্যালট পেপার ও ব্যালট বাক্সে আগুন ধরিয়ে দেয়।
বিএনপির স্থানীয় নেতারা বলেছেন, গাবতলীতে ভোট প্রতিহত করতে তাঁরা সক্রিয় ছিলেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোরশেদ মিলটন প্রথম আলোকে বলেন, ‘এই এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাড়ি। প্রতিবারই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই আসন থেকে নির্বাচন করেন।’ তিনি বলেন, বিএনপি ছাড়া এই নির্বাচনকে মানতে না পারায় নেতা-কর্মীরা ও এলাকার বিক্ষুব্ধ মানুষ ভোট প্রতিহত করেছেন।