বগুড়ায় ৪৬টি গাছ কাটার সিদ্ধান্তে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের একমাত্র উদ্যানের ৪৬টি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। একসঙ্গে এতগুলো গাছ কাটা হলে উদ্যানের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে শহরের বাসিন্দারা এখানে এসে গাছের ছায়ায় বসে বিশ্রাম নেওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবে। তাই এ আশঙ্কা করে বগুড়া পৌরসভার বাসিন্দারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।বগুড়া পৌর কার্যালয় সূত্রে জানা গেছে, শহরের সাতমাথার কাছে গোহাইল রোডে পৌর উদ্যানটি অবস্থিত। এটি এডওয়ার্ড পার্ক নামে পরিচিত। এক বছর আগে পৌর কর্তৃপক্ষ এ উদ্যানের পুরোনো ও মরা গাছগুলো কাটার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি পাঠায়। ৪ মার্চ তিনটি ভাগে ৪৬টি গাছ নিলামে বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তবে এখনো এসব গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি।জানা গেছে, ৪৬টি গাছের মধ্যে মরা গাছ বেশি বলে উল্লেখ করা হলেও আসলে তা সঠিক নয়। আধমরা ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন গাছ রয়েছে মাত্র চারটি। বাকি গাছগুলো ভালো ও পুরোনো।বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিম জানান, গাছগুলো কোন যুক্তিতে কাটছে, তা দেখা উচিত। আর পুরোনো হলেই কাটতে হবে, এমন কোনো কথা নেই।সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক সাদেকুর রহমান জানান, এ গাছ যেন না কাটা হয়, সে জন্য পৌরবাসীকে আন্দোলন গড়ে তুলতে হবে।বগুড়া পৌর মেয়র এ কে এম মাহবুবুর রহমান জানান, পুরোনো, মরে যাওয়া ও ঝড়ে ভেঙে পড়েছে, এমন গাছ কাটার সিদ্ধান্ত নিয়ে নিলামের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে ২০০ চারাগাছ লাগিয়েছেন। পরে আরও ফলদ ও বনজ গাছের চারা লাগানো হবে। তাই এসব গাছ কাটা হলেও উদ্যানের কোনো ক্ষতি হবে না বলে তিনি জানান।