বগুড়ায় ৫ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে পুলিশের এক কর্মকর্তাসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁদের শহরের ফুলবাড়ী ফাঁড়ি থেকে প্রত্যাহার করে (ক্লোজড) পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে জেলা পুলিশের নির্দেশে ওই পাঁচজনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে গতকাল উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার সময় তাঁরা দায়িত্ব পালনে অবহেলা করেন।

প্রত্যাহার করা এই পুলিশের পাঁচ সদস্য হলেন সদর থানার ফুলবাড়ী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পুলিশের উপপরিদর্শক (এসআই) হারুনর রশিদ, হাবিলদার আবুল কালাম, কনস্টেবল আবদুল মান্নান, গণেশ চন্দ্র ও প্রভাষ চন্দ্র।

নির্বাচন কমিশন কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ ও ল্যাপটপ লুটের ঘটনায় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন।

পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. মোজাম্মেল হক জানান, উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের ওই সদস্যরা নিজ নিজ দায়িত্ব পালনে শৈথিল্য দেখিয়েছেন। এজন্য তাঁদের সাময়িক বরখাস্ত করে সদর থানা ফুলবাড়ী থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তদন্ত করে তাঁদের বিরুদ্ধে পরবর্তী সময় ব্যবস্থা নেওয়া হবে।

গত মঙ্গলবার অবরোধ চলাকালে বগুড়া সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। উপজেলা নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটর সুলতান মাহমুদকে মারধর করে কমিশনের একটি ল্যাপটপ লুট করে দুর্বৃত্তরা। পরে কার্যালয়ে আগুন দেয় তারা। আগুনে কার্যালয়ে রক্ষিত খসড়া ভোটার তালিকা, ভোটার পরিচয়পত্র, রেজিস্টার, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের তালিকাসহ যাবতীয় নথি পুড়ে যায়।

ঘটনার সময় পাঁচজন পুলিশ নিরাপত্তার দায়িত্বে থাকার কথা থাকলেও তাঁরা সেখানে ছিলেন না।

অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা: এ ঘটনায় গতকাল রাতেই উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বাদী হয়ে একটি মামলা করেন। মামলায়  অজ্ঞাত আট- দশজনকে আসামি করা হয়। 

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম জানান, হামলাকারীরা মুখোশধারী ছিল। তাই তাদের চেনা না যাওয়ায় মামলায় সুনির্দিষ্ট কারও নাম দেওয়া হয়নি।