বগুড়ায় ৫০ কোটি টাকার সড়কটি এখন পরিত্যক্ত!
প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার বগুড়া দ্বিতীয় বাইপাস সড়ক নির্মাণ করা হলেও এটি দিয়ে এখন যানবাহন চলাচল করে না। চালু হয়েও সড়কটি বন্ধ হয়ে গেছে। চালুর পর বগুড়া পরিবহন মালিক-শ্রমিকদের অবৈধ চাঁদাবাজি এবং বিভিন্ন জেলার পরিবহন মালিক-শ্রমিকদের অসহযোগিতায় কয়েক দিন পরই এটি বন্ধ হয়।সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, উত্তরাঞ্চলের ১৬টি জেলার মধ্যে ১১টি জেলার যানবাহন বগুড়ার ওপর দিয়ে চলাচল করে। যে কারণে প্রথম বাইপাস সড়কে যানজট লেগে থাকে। বগুড়া শহরের যানজট কমাতে এবং প্রথম বাইপাস সড়কের ওপর চাপ কমাতে ২০০১ সালে প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে এ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। বগুড়া শহরের দক্ষিণে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার বেতগাড়ী থেকে উত্তরে মাটিডালি মোড় পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কের নির্মাণকাজ শুরুর পর কয়েক দফায় কাজ বন্ধ থাকায় ব্যয় বেড়ে যায়। পরবর্তী সময়ে নতুন করে প্রাক্কলন ব্যয় ধরে কাজটি শেষ করা হয় গত বছরের জুন মাসে। এতে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। গত ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে সড়কটির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন।উদ্বোধনের দিন থেকে দ্বিতীয় বাইপাস সড়কে শুরু হয় ব্যাপক চাঁদাবাজি। বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকেরা নির্ধারণ করে দেন কোন গাড়ি কোন সড়ক দিয়ে চলবে। এ নিয়ে রংপুর, কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে দেখা দেয় বিরোধ। সঙ্গে যোগ হয় চাঁদা আদায়। এ নিয়ে এক দিন রংপুর ও দুই দিন সিরাজগঞ্জে পরিবহন মালিক-শ্রমিকেরা গাড়ি চলাচল বন্ধ করে দেন। বগুড়ার পরিবহন মালিকেরা পর পর দুই দিন পরিবহন ধর্মঘট আহ্বান করে পুরো উত্তরাঞ্চল বন্ধ করে দেন।অবশেষে উদ্বোধনের এক সপ্তাহের মাথায় বগুড়া ও সিরাজগঞ্জ জেলার মোটর মালিক-শ্রমিক ও প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বগুড়ার মালিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিলেও সিরাজগঞ্জ মালিক সমিতি তা মেনে নেয়নি। সিরাজগঞ্জের মালিকেরা দ্বিতীয় বাইপাস সড়ক দিয়ে চলাচল না করার ঘোষণা দেন। একপর্যায়ে বগুড়ায় জেলা প্রশাসন এক সভায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। তখন থেকেই এই সড়ক দিয়ে ভারী কোনো যানবাহন চলাচল করছে না।বগুড়ার পরিবহন-মালিক তৌফিক হাসান জানান, প্রথম বাইপাস সড়কের দুই ধারে মেডিকেল কলেজ হাসপাতাল, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি, নার্সিং কলেজ, বগুড়ার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও বেশ কয়েকটি সিএনজি স্টেশন গড়ে উঠেছে। যে কারণে পরিবহনগুলো দ্বিতীয় বাইপাস দিয়ে চলাচল করতে আগ্রহী হচ্ছে না। এ সড়কে প্রতিষ্ঠান গড়ে উঠলে যানবাহন চলাচল বাড়বে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সড়ক চালু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আকতারুজ্জামান বলেন, ‘আমরা সড়কটি চালু করেছিলাম। কিন্তু অন্য জেলাগুলো সহযোগিতা না করায় প্রশাসন তা বন্ধ করতে বাধ্য হয়েছে।’বগুড়ার জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খান বলেন, দ্বিতীয় বাইপাস সড়ক চালুর বিষয়টি বগুড়ার পরিবহন মালিক-শ্রমিকদের ওপর নির্ভর করছে। তাঁরা অন্য জেলার মালিক-শ্রমিকদের নিয়ে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন। এখানে জেলা প্রশাসন সহযোগিতা করবে।তবে বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি বলেন, জেলা প্রশাসক ঠিক বলেননি। কারণ, জেলা সড়ক পরিবহন কমিটি নামে একটি কমিটি রয়েছে। সেই কমিটির সভাপতি জেলা প্রশাসক। এর আগে সেই কমিটির সভায় দ্বিতীয় বাইপাস সড়কে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। এখন জেলা প্রশাসন সবাইকে ডেকে সিদ্ধান্ত নিতে পারে।সিরাজগঞ্জ মোটর মালিক সমিতির সভাপতি আবদুল হাদী আলমাজী বলেন, বগুড়ার কতিপয় নেতার ব্যক্তিস্বার্থে চেষ্টার কারণে এ সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি সমাধানের জন্য কোনো সভাও আহ্বান করা হয়নি।