বগুড়ায় ৭৩ ঘণ্টায় তিন খুন
বগুড়ায় ৭৩ ঘণ্টার ব্যবধানে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরও এক ব্যক্তি খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের শেরপুর সড়কের পিটিআই মোড়-সংলগ্ন এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৫)। তিনি শহরের পিটিআই মোড়-সংলগ্ন এলাকায় ব্র্যাক ব্যাংকের বিকাশ এজেন্ট ও স্টুডিওর ব্যবসা করতেন।
রফিকুলের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার জানজায়গীর গ্রামে। তিনি বগুড়া শহরের কলোনি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
এর আগে গত মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের সাতমাথা ও সেউজগাড়ি এলাকায় প্রায় একই সময়ে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবিরের বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বিয়াম মডেল স্কুল ও কলেজের শিক্ষক আবদুল বাকী।
অন্যদিকে শহরের সেউজগাড়ি আমতলা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে কুপিয়ে হত্যা করা হয় একাধিক মামলার আসামি আবদুল মজিদকে।
আবদুল মজিদ হত্যার ঘটনায় থানায় মামলা হলেও শিবিরের নেতা আবদুল বাকী খুনের ঘটনার তিন দিন পরও থানায় মামলা হয়নি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফয়জুর রহমান প্রথম আলোকে জানান, ব্যবসায়ী রফিকুল ইসলাম নিজ প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন। স্টুডিওতে অসামাজিক কার্যকলাপে বাধা দান কিংবা বিকাশের টাকার জন্য এ খুনের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শহরে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের ঘটনা ও ধারালো অস্ত্রের ব্যবহার হঠাত্ করে বেড়ে যাওয়া প্রসঙ্গে ওসি বলেন, ‘হঠাত্ করে খুনোখুনির ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশও উদ্বিগ্ন। গত তিন দিনে তিন খুনের সব কয়টিতে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এসব ঘটনার নেপথ্যের কারণ ও ধারালো অস্ত্রের ব্যবহার দমাতে খুব শিগগিরই অভিযান চালানো হবে।’