বগুড়ায় ৮০ শতাংশ এলপি গ্যাস সিলিন্ডার মারাত্মক ঝুঁকিপূর্ণ
বগুড়ার বাসা, রেস্তোরাঁ, ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবেশকদের গুদামে থাকা তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডারের ৮০ শতাংশই মারাত্মক ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী। বিস্ফোরক অধিদপ্তরের একটি দল এই অভিমত দিয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সরবরাহ করা পাঁচ লাখ সিলিন্ডারের মধ্যে চার লাখই ঝুঁকিপূর্ণ। এসব সিলিন্ডার থেকে অবিরত গ্যাস বেরোয়। প্রতি মাসে প্রায় ১৩ কোটি টাকার গ্যাস সিলিন্ডার থেকে হাওয়ায় মিশে যায়।
পরিবেশকদের অভিযোগ, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে বগুড়া আঞ্চলিক ডিপোতে বছরে এলপি গ্যাসের প্রায় এক লাখ সিলিন্ডার সরবরাহ করছে বিপিসি। এর মধ্যে ৮০ শতাংশ সিলিন্ডারেই সাড়ে ১২ কেজির বদলে গড়ে সাড়ে নয় কেজি গ্যাস থাকে। সাড়ে ১২ কেজি গ্যাসের মূল্য পরিশোধ করেও সিলিন্ডারপ্রতি গড়ে তিন কেজি গ্যাস কম পাচ্ছেন ভোক্তারা। গ্যাসভর্তি সিলিন্ডারের সরকারি মূল্য ৬৮০ টাকা। এ হিসাবে প্রতিটি সিলিন্ডারে ১৬৩ টাকা করে ঠকছেন ভোক্তারা। বগুড়া ডিপো থেকে প্রতি মাসে গড়ে এক লাখ সিলিন্ডার এলপি গ্যাস সরবরাহ করে বিপিসি। এতে উত্তরাঞ্চলের ভোক্তাদের প্রতিমাসে গড়ে ১ কোটি ৬৩ লাখ টাকার গ্যাস কম দেওয়া হচ্ছে। এসব গ্যাস হাওয়ায় মিশে যাচ্ছে।
রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল রশিদ প্রথম আলোকে বলেন, বিপিসির বগুড়া আঞ্চলিক ডিপো থেকে ৭৫০ জন পরিবেশকের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির মাধ্যমে সরবরাহ করা এসব সিলিন্ডারের সিংহভাগই প্রায় ৪০ বছরের পুরোনো, ব্যবহারের অনুপযোগী।
গত বৃহস্পতিবার জানতে চাইলে বিস্ফোরক অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিদর্শক মো. আসাদুল ইসলাম বলেন, ২০ আগস্ট বিপিসির এলপি গ্যাসের উত্তরাঞ্চলীয় ডিপোতে ট্রাক থেকে সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরদিন ডিপো পরিদর্শনে গিয়ে বেশ কিছু সিলিন্ডারের মুখে পানি ভরে পরীক্ষা করে দেখা যায়, বিপিসির সরবরাহ করা ৮০ শতাংশ সিলিন্ডারই ঝুঁকিপূর্ণ। এসব সিলিন্ডারের মুখ দিয়ে অবিরাম গ্যাস বের হয়। এরপর মেয়াদোত্তীর্ণ এসব সিলিন্ডার বাতিলের সুপারিশ করা হয়। এ ছাড়া ভোক্তা ও পরিবেশক পর্যায়ে থাকা এলপি গ্যাসের সিলিন্ডার প্রকৃত অবস্থা জানতে ওই দিনই বগুড়ায় এসে বেশ কিছু সিলিন্ডার পরীক্ষা করে সেখানেও ৮০ শতাংশ সিলিন্ডার ‘মারাত্মক ঝুঁকিপূর্ণ’ অবস্থায় পাওয়া গেছে।
বিপিসির পরিচালক (বিপণন) মীর আলী রেজা বলেন, বিপিসির মালিকানাধীন বর্তমানে প্রায় পাঁচ লাখ এলপি গ্যাসের সিলিন্ডার রয়েছে। প্রতি মাসে গড়ে দুই দফায় আঞ্চলিক ডিপোতে সিলিন্ডার সরবরাহ করা হয়। বেশির ভাগ সিলিন্ডারের ভাল্ভ অকেজো। এ কারণে গ্যাস বেরিয়ে যায়। এলপি গ্যাসের দুটি প্ল্যান্ট সিলেটের কৈলাসটিলা ও চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে গ্যাস ভরার পর এসব সিলিন্ডার তিনটি কোম্পানির মাধ্যমে ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হয়। ২০ আগস্ট বগুড়ার ডিপোতে দুর্ঘটনার পর জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশে ৫০ হাজার অধিক ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিলের সিদ্ধান্ত হয়েছে।
বিপিসির সূত্রে জানা গেছে, দুটি প্ল্যান্ট থেকে প্রতি মাসে ১০ লাখ সিলিন্ডারে এলপি গ্যাস ভরে ভোক্তা পর্যায়ে সরবরাহ করা হয়। বিস্ফোরক অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ৮০ শতাংশ বা আট লাখ সিলিন্ডার ব্যবহারের অনুপযোগী। সিলিন্ডারে গ্যাস কম দেওয়া বন্ধ করা এবং ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাতিলের দাবিতে রাজশাহী বিভাগের পরিবেশকেরা আন্দোলনের হুমকি দিলে গত বছরের ৫ মে বিপিসির প্রধান কার্যালয়ে সভা হয়। এতে সাড়ে ১২ কেজি গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং ১৫ দিনের মধ্যে ত্রুটিপূর্ণ সিলিন্ডারের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এত দিনেও ব্যবস্থা না নেওয়ায় ১৪ আগস্ট বিস্ফোরক অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে এলপিজির মহাব্যবস্থাপককে চিঠি দিয়ে পরীক্ষা করে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বাতিলের অনুরোধ করা হয়। বিস্ফোরক অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি ১০ বছরে একবার এলপি গ্যাসের সিলিন্ডার পরীক্ষার বিধান রয়েছে।