বগুড়ায় 'কিআনন্দ' উৎসব শুক্রবারের বদলে মঙ্গলবার
বগুড়া জিলা স্কুল মাঠে অনুষ্ঠেয় ‘কিআনন্দ’ উৎসবের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী, কাল শুক্রবারের (১২ অক্টোবর) পরিবর্তে আগামী মঙ্গলবার (১৬ অক্টোবর) এই উৎসব হবে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে বগুড়া অঞ্চলে কাল নিম্নচাপের প্রভাবে সারা দিন ভারী বৃষ্টি হতে পারে। এ জন্যই লাভেলো ‘কিআনন্দ’ উৎসবের সময়সূচি পরিবর্তন করেছে কর্তৃপক্ষ।
আয়োজক সূত্রে জানা গেছে, পরিবর্তিত তারিখ অনুযায়ী মঙ্গলবার বগুড়া জিলা স্কুল মাঠে সকাল সাড়ে আটটায় ‘তোমার পৃথিবী এবার হবে আরও বড়’ স্লোগানে ‘কিআনন্দ’ উৎসবের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উদীচী শিল্পীগোষ্ঠী সমবেত কণ্ঠে জাতীয় সংগীত এবং ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ দেশাত্মবোধক গানের সঙ্গে কোরিওগ্রাফি করবে। কথাসাহিত্যিক বজলুল করিম বাহার ও বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক মুসতাক হাবিব উৎসবের উদ্বোধন করবেন।
‘কিআনন্দ’–এ আগত শিশু-কিশোরদের সঙ্গে দিনভর আড্ডা দেবেন কিশোর আলোর সম্পাদক ও জনপ্রিয় কথাসাহিত্যিক আনিসুল হক। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও বহু জনপ্রিয় গানের গীতিকার কবির বকুল। গান পরিবেশন করবে ‘জলের গান’। এ ছাড়া ‘চ্যানেল আই সেরা কণ্ঠ’–এর জনপ্রিয় শিল্পী লুইপা, ইমরান, পারভেজসহ জনপ্রিয় তারকা শিল্পীরা গান পরিবেশন করবেন। জাদু দেখাবেন রাজীব বসাক।
এ ছাড়া ছবি আঁকা, গেমস, যেমন খুশি তেমন সাজ, শখ কতসহ নানা প্রতিযোগিতার আয়োজন থাকবে দিনব্যাপী।
৯৯ টাকার কুপন কিনে দর্শনার্থীরা দিনভর লাভেলোর আইসক্রিম খাওয়ার সুযোগ পাবেন। অনুষ্ঠানটির সম্প্রচার সহযোগী চ্যানেল আই। ‘কিআনন্দ’ ভেন্যুতে ঢোকার জন্য নিয়ে আসতে হবে গত ছয় মাসে প্রকাশিত কিশোর আলোর যেকোনো একটি সংখ্যা। প্রথম আলোতে প্রকাশিত বগুড়া পর্বের কুপনটি পূরণ করেও আসা যাবে।