সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত তিনটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। এর মধ্যে দুটি ছাত্র হল ও একটি ছাত্রী হল। ছাত্র হলো দুটোর নামকরণ যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রয়াত পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের নামে এবং ছাত্রী হল ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী সুহাসিনী দাসের নামে করা হয়েছে। গতকাল শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি বৈঠকে এ নামকরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সম্মেলনকক্ষে সিন্ডিকেটের বৈঠকে উপাচার্য মো. আবদুল আউয়ালের সভাপতিত্বে শুরু হয়। বৈঠকে সিন্ডিকেট সদস্য জাতীয় সংসদের চিফ হুইপ আবদুশ শহীদ, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমবায় ও বিপণন বিভাগের অধ্যাপক শামসুল আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।উপাচার্য মো. আবদুল আউয়াল সাংবাদিকদের জানান, তিনটি নতুন হলের নামকরণ তিন গুণীজনের নামে হওয়ার প্রস্তাব বৈঠকে উত্থাপন হওয়া মাত্র সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়েছে। এ সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে।