বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আ.লীগের হরতাল বিরোধী অবস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থান নেন। তাঁদের অনেকে যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে লেখা ব্যানার-ফেস্টুনসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে জমায়েত হন সেখানে। আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকদেরও অনেকে এতে অংশ নেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতালবিরোধী এ অবস্থানকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে কর্মসূচি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। এটা রাষ্ট্রদ্রোহের শামিল ও অগণতান্ত্রিক। এ সময় উপস্থিত ছিলেন দলের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।