‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন স্রোতের প্রতিকূলে অবস্থান করে রাজনীতি করেছেন। তিনি আমৃত্যু আদর্শের প্রতি অবিচল ছিলেন। তাঁর ত্যাগের কারণে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি।’জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন অধ্যাপক গোলাম কিবরিয়া ভূঁইয়ার সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংরেজি বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক কাজী মোস্তাইন বিল্লাহ। গতকাল শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন জ্যোতিপ্রকাশ দত্ত, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শাহ আলম, অধ্যাপক তৌহিদ হোসেন চৌধুরী, অধ্যাপক জিনবোধি ভিক্ষু, অধ্যাপক এ কে এম মাঈনুল হক মিয়াজী, এ কে এম তফজল হক প্রমুখ। সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি দিতে হবে। এ ছাড়া বর্তমান প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনা বাস্তবায়নে কাজ করে যেতে হবে। সাবেক মেয়র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ১০০ কপি বই উপহার দেওয়ার ঘোষণা দেন।