বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর প্রকল্পের কার্যক্রম পুনরায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নামে প্রস্তাবিত নতুন বিমানবন্দর নির্মাণ প্রকল্পের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। নতুন করে বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার জন্য জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি লিমিডেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ জন্য গতকাল বুধবার বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ সংস্থার সদর দপ্তরে এ বিষয়ে নিপ্পন কোয়ির সঙ্গে চুক্তি সই করেছে। এতে সিভিল এভিয়েশনের পক্ষে সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী এবং নিপ্পন কোয়ির পক্ষে এর উপব্যবস্থাপনা পরিচালক তোশিকাজু কামবারা সই করেন। পরে এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী সাংবাদিকের বলেন, জাপানি এই প্রতিষ্ঠান নতুন বিমানবন্দরের জন্য সম্ভাব্যতা যাচাই, স্থান নির্ধারণ ও বিমানবন্দরের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ করবে। এর জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থেকে ১২০ কোটি টাকা ব্যয় করা হবে। ১৮ মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ সম্পন্ন করা হবে। তিনি বলেন, সম্ভাব্য কয়েকটি স্থান বিবেচনা করা হচ্ছে। জাপানি পরামর্শক প্রতিষ্ঠানই স্থান চূড়ান্ত করবে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে আকাশপথে বিমান চলাচলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি রানওয়ে আছে। এর যাত্রী ধারণের ক্ষমতা বছরে ৮০ লাখ। ২০৩৫ সালের মধ্যে এই বিমানবন্দরের ধারণক্ষমতার সবটুকু ব্যবহৃত হয়ে যাবে। তাই ২০১০ সালে জাতির পিতার নামে নতুন এই বিমানবন্দর করার সিদ্ধান্ত হয়।
২০১০ সালের ২৯ আগস্ট প্রস্তাবিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ব্যাপারে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। ওই বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে বলা হয়, প্রকল্পটি সরকারি ও বেসরকারি অংশীদারির (পিপিপি) মাধ্যমে বাস্তবায়ন করা হবে। তখন প্রাক্কলিত ব্যয় ধরা হয় প্রায় ৫০ হাজার কোটি টাকা। ২০১০ সালে নতুন বিমানবন্দর নির্মাণের জন্য প্রাক্-সম্ভাব্যতা যাচাই কমিটি সাতটি স্থান সরেজমিন পরিদর্শন করে তিনটি স্থানের নাম প্রস্তাব করে। এর মধ্যে দুটি স্থান ছিল ময়মনসিংহের ত্রিশাল ও টাঙ্গাইলের ভূঞাপুর। পরে ওই তিনটি স্থান থেকে সরে আসে সরকার।
এরপর এ-সংক্রান্ত কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের নভেম্বরে মুন্সিগঞ্জের আড়িয়ল বিলকে চূড়ান্ত করা হয়। এরপর জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হলে এলাকাবাসী এর বিরোধিতা করে। ২০১১ সালের ৩১ জানুয়ারি বিক্ষোভে গ্রামবাসী ও পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন ও কয়েক শ লোক আহত হন। এরপর সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের প্রকল্পটি স্থগিত ঘোষণা করে দেয়।
গত বছরের জানুয়ারি থেকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় নতুন করে বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণের জন্য জায়গা চিহ্নিত করার কাজ শুরু করে। প্রকল্পটির জন্য মাদারীপুরের শিবচরের চর জানাজাত, ঢাকার দোহারের চর বিলাসপুর, মুন্সিগঞ্জের সিরাজদিখানের কেয়াইন ও লতব্দি এলাকাকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়।