বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান চূড়ান্ত আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর হবে পদ্মা নদীর ওপারে। দুটি জায়গা এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। ঠিক কোন জায়গায় এই বিমানবন্দর হবে, তা আগামী রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা চূড়ান্ত করার পর ঘোষণা করা হতে পারে।

আজ মঙ্গলবার অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে বেসামরিক বিমানের চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্ভাব্যতা সমীক্ষাবিষয়ক প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, ১৩৬ কোটি ৭৫ লাখ টাকার এই প্রকল্পে ১৯ কোটি ৫৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয় হয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরে ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সম্ভাব্যতা সমীক্ষার কাজ করেছে জাপানি একটি প্রতিষ্ঠান। তারা পদ্মাপারের তিনটি জায়গা নির্ধারণ করে সুবিধা-অসুবিধাসহ গত জুনে মন্ত্রণালয়কে উপস্থাপন করে। পরে সুবিধা-অসুবিধা বিবেচনা করে সেখান থেকে মন্ত্রণালয় দুটি জায়গাকে প্রাথমিকভাবে চিহ্নিত করে। প্রধানমন্ত্রী আগামী রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার জন্য সময় দিয়েছেন। ওই দিন এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, শিগগিরই বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের স্থান ঘোষণা করা হবে। বিমানবন্দরটি হবে পদ্মার ওপারে।

বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতা আসার পর মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়। স্থানীয় জনগণ এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলনের মুখে সরকার আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে।

আজ সংসদীয় কমিটি জেদ্দা, আবুধাবিসহ বিদেশের চারটি স্থানে বাংলাদেশ বিমানের জিএসএর (জেনারেল সেলস এজেন্ট) মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সেখানে নতুন করে জিএসএ নিয়োগ না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করে। পরে বিদ্যমান নীতিমালার আলোকে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

এ ছাড়া বৈঠকে চট্টগ্রাম শাহ আন্তর্জাতিক বিমানবন্দর ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সব প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করা, প্রকল্পে সমস্যা হলে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, মো. আলী আশরাফ, মো. নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, মো. আফতাব উদ্দিন সরকার ও বেগম সাবিহা নাহার বৈঠকে অংশ নেন।