বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আবৃত্তিবিষয়ক কর্মশালা
লালমনিরহাট মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড কার্যালয় মিলনায়তনে গতকাল শনিবার বিকেল চারটায় আবৃত্তিবিষয়ক কর্মশালা হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে ওই কর্মশালা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা শাখা বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি ফেরদৌসী বেগম। উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক (অব.) আবদুল মজিদ মণ্ডল, কবি জাকিউল ইসলাম ফারুকী, অধ্যাপক (অব.) নজরুল ইসলাম মণ্ডল ও সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন।
বক্তব্য দেন ছড়াকার আজিজুল হক মোল্লাহ, কবি মাহবুবুর রহমান, স্কুলশিক্ষক হাসিনা মাহবুব প্রমুখ। কর্মশালায় ৬ থেকে ১৮ বছর বয়সী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবৃত্তি বিষয়ে বিভিন্ন কলাকৌশলের প্রশিক্ষণ লাভ করে।
শাহাদাত হোসেন বলেন, আবৃত্তি হলো একটি চর্চাভিত্তিক সুকুমার বৃত্তি। যাঁরা কবিতা আবৃত্তি করেন বা করতে পারেন তাঁরা বক্তৃতা-বিতর্কসহ অভিনয়ের ক্ষেত্রে ভালো করে থাকেন।