বঙ্গবন্ধু উধাও, লাগছে তারেকের পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভবনের পত্রিকা স্ট্যান্ডের পাশের দেয়ালে বঙ্গবন্ধুর একটা প্রতিকৃতি ছিল। এর নিচে ছিল পত্রিকায় প্রকাশিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি এবং নির্মলেন্দু গুণের কবিতা-সংবলিত বাঁধাই করা একটি ক্রোড়পত্র। দুদিন ধরে সেগুলো আর ওই স্থানে দেখা যাচ্ছে না। পাশের ভবনগুলোতে সম্প্রতি লাগানো হয়েছে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার ছবি-সংবলিত ছাত্রদলের পোস্টার।
ছাত্রলীগের নেতারা বলছেন, ছাত্রাবাসে গত পাঁচ বছর বঙ্গবন্ধুর ছবি কেউ সরায়নি। তাঁদের ধারণা, ছাত্রদল এই কাজ করেছে। রাজশাহীতে বিএনপি-সমর্থিত মেয়র পাস করার পর থেকে তারা এ ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে। তবে ছাত্রদল নেতারা অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, পাঁচ বছর কোনো কর্মসূচি না থাকলেও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনের পর থেকে রাজশাহী কলেজসহ নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের সরব উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। এত দিন ব্যানার দেখা না গেলেও এখন প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠানেই তাদের বড় বড় ব্যানার ঝুলতে দেখা যাচ্ছে।
রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের সাধারণ ছাত্ররা জানান, এত দিন ছাত্রলীগ সাধারণ ছাত্রদের প্রায় জোর করেই মিছিল-মিটিংয়ে যেতে বাধ্য করেছে। সম্প্রতি ছাত্রদলও একই কায়দায় মিছিলে যাওয়ার জন্য ছাত্রদের ডাকাডাকি করছে। কয়েক দিন আগে ছাত্রদল বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ভবনের ই-ব্লকে তাদের দলীয় সমর্থকদের ওঠানোর চেষ্টা করেছিল। এ নিয়ে দ্বন্দ্ব দেখা দিলে নগরের বোয়ালিয়া থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল শুক্রবার সরেজমিনে ছাত্রাবাসে দেখা গেছে, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভবনের বি ব্লকের পত্রিকা স্ট্যান্ডের পাশের দেয়ালে বঙ্গবন্ধুর বাঁধানো ছবিটি নেই। শুধু ছবি টাঙানোর ফ্রেমটা রয়েছে। অপর দিকে মুসলিম ছাত্রাবাসে ঢুকতেই অতিথি কক্ষের চারপাশে তারেক জিয়ার ছবি-সংবলিত ছাত্রদলের পোস্টার চোখে পড়েছে।
ছাত্রলীগের রাজশাহী মহানগর শাখার সভাপতি শফিকুজ্জামান বলেন, ছাত্রদলই বঙ্গবন্ধুর ছবিটি সরিয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। ছাত্রদলের মহানগর শাখার সাধারণ সম্পাদক শাহ মইনুল হোসেন চৌধুরী বলেন, মেয়র নির্বাচনের পর থেকে তাঁদের কর্মীরা একটু সরব হয়েছেন। তবে তাঁরা পোস্টার ছেঁড়ার রাজনীতিতে না, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।