বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ চিত্রের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার কিছু দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত l ছবি: প্রথম আলো
‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন অতিথিরা। পুরোনো কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু এবং জাতীয় চার নেতার কিছু দুর্লভ ছবি নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে। চলবে ২ থেকে ৫ নভেম্বর পর্যন্ত l ছবি: প্রথম আলো

‘জীবনের প্রথমবার ৪২ দিন জেল খেটে হাঁপিয়ে উঠেছিলাম। বন্দী অবস্থায় একটু বিনোদনের জন্য বিকেল হলেই ভালো জামাকাপড় পরতাম। জেলের বন্ধুদের বলতাম, চল নিউমার্কেট ঘুরতে যাই। এরপর বন্ধুরা মিলে মনে মনে জেলখানাকে নিউমার্কেট ভেবে ভেতরেই ঘোরাঘুরি করতাম। এতে খুব মজা পেতাম।’
গতকাল মঙ্গলবার বিকেলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ‘সংগ্রামী জীবনগাথা’ শীর্ষক শিরোনামে এক আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে স্মৃতিচারণা করে এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কারাগারের ভেতরের এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে কারা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নি। এই প্রদর্শনীতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়েছে। ৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা, বেলা একটা থেকে তিনটা ও সাড়ে তিনটা থেকে পাঁচটা পর্যন্ত সবার জন্য এই প্রদর্শনী উন্মুক্ত থাকবে। টিকিটের মূল্য ১০০ টাকা। কারাগারের ভেতর দুই ঘণ্টার বেশি কেউ থাকতে পারবেন না।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্মৃতিচারণা করে বলেন, ‘১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারি। ভাষাসৈনিক হওয়ার অপরাধে আমাকেসহ মোট আটজনকে লালবাগ থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আমাদের এই কারাগারে পাঠান আদালত। থাকতে দেওয়া হয় কারাগারের মেন্টাল ওয়ার্ডের পৃথক দুটি কক্ষে। তখন একটানা ৪২ দিন জেল খেটে সবাই হাঁপিয়ে উঠেছিলাম। সময় কাটানোর জন্য জেল কর্তৃপক্ষ খেলাধুলার ব্যবস্থা করেছিলেন। তারপরও প্রতিদিন বিকেলে নিজেদের বন্দী মনে হতো।’
আবুল মাল আবদুল মুহিত বলেন, বর্তমানে বন্দীদের জন্য কেরানীগঞ্জের কারাগারে অনেক উন্নত ব্যবস্থা রয়েছে। একইভাবে আগামী এক বছরের মধ্যে সিলেটের পুরান কারাগার থেকে বন্দীদের নতুন কারাগারে স্থানান্তর করা হবে। কারাগারের জায়গায় পার্ক নির্মাণ করা হবে। তিনি বলেন, পুরান ঢাকার এই কারাগারের বঙ্গবন্ধু তাঁর যৌবন কাটিয়েছেন। জাতীয় চার নেতাকে এই কারাগারেই নির্মমভাবে হত্যা করা হয়। এই ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই কারাগারে জাদুঘর, পার্ক ও বিনোদনের পরিকল্পনা নিয়েছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, পুরান ঢাকা অত্যন্ত ঘিঞ্জি এলাকা। এই এলাকার মানুষের আনন্দ-বিনোদন, উন্মুক্ত স্থানে নিশ্বাস নেওয়ার জন্য কারাগারের জায়গাটি সংরক্ষণ করা হবে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, এবার জেলহত্যা দিবস সামনে রেখেই এ ধরনের প্রদর্শনীর উদ্যোগ নেওয়া হয়। ৫ নভেম্বর পর্যন্ত এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও জাতীয় চার নেতা কারা স্মৃতি জাদুঘর এবং বিভিন্ন কারাকক্ষ ঘুরে দেখতে পারবেন দর্শনার্থীরা।
সৈয়দ ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামানের ছেলে খায়রুজ্জামান লিটন, জার্নির উপদেষ্টা ও সংগ্রামী জীবনগাথার কিউরেটর ইমেরিটাস অধ্যাপক এ কে আবদুল মোমেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খান প্রমুখ বক্তব্য দেন।