বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্বপ্নের আলোকে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গতকাল রোববার ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে প্রথম বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদানকারী আনসার সদস্যদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।১২ জন আনসার সদস্যের পরিবার ও তাঁদের উত্তরাধিকারীরা প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করলে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেওয়া হয়।অনুষ্ঠানে বর্তমান সরকারের বিভিন্ন গণমুখী প্রকল্পের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার পল্লির অর্থনৈতিক সমৃদ্ধির জন্য একটি বাড়ি ও একটি খামারসহ অনেক কর্মসূচি নিয়েছে। প্রধানমন্ত্রী দেশের নিম্ন আয়ের মানুষের কল্যাণে সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করার জন্য আনসার বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বাধীনতার ৩৯ বছর পরও দেশের জনগণের পাঁচটি মৌলিক চাহিদা এখনো নিশ্চিত হয়নি। দেশের জনগণের পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিত করতে আমরা কঠোর পরিশ্রম করছি, যাতে কাউকে খাদ্য, বাসস্থান ও বস্ত্রের অভাবে দুর্ভোগ পোহাতে না হয়।’চেক হস্তান্তর অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, মেহেরপুরের তৎকালীন এসডিপিও মাহবুব উদ্দীন বীর বিক্রম (এসপি মাহবুব), আনসারের মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বাসস।