বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর, দুজন গ্রেপ্তার
কুড়িগ্রামের উলিপুর পৌর এলাকার বাকরেরহাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় গত সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করা হয়েছে। জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার অফিস সহকারী আবু তাহের ও তাঁর সঙ্গীরা দেয়ালে সাঁটানো বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবিতে ঢিল ছুড়ে ভাঙচুর ও পরে পদদলিত করেন। এ খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা মাদ্রাসা ঘেরাও করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য হারুন-অর-রশিদ জানান, অফিস সহকারী আবু তাহেরসহ মাদ্রাসার একাধিক শিক্ষক জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। তিনি ওই দিন সন্ধ্যায় পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, আসামি আবু জাফর এবং তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে অফিস সহকারী আবু তাহের ঘটনার পর থেকে পলাতক।