বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলা প্রশাসক জাকীর হোসেন প্রধান অতিথি হিসেবে গতকাল রোববার বেলা ১১টার দিকে সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবেত আলী। এর আগে উপজেলা পরিষদ কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় যোগ দেয়।
ইউএনও সাবেত আলী জানান, এবার সদর উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালক) ১৬টি বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে (বালিকা) ১৬টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনে বালকদের আটটি দলের চারটি এবং বালিকাদের আটটি দলের চারটিসহ মোট আটটি খেলা অনুষ্ঠিত হয়। ২০ সেপ্টেম্বর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।