বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল

কিশোরগঞ্জের হোসেনপুর ও জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে হোসেনপুর পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ছেলেদের খেলায় দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে হোসেনপুর ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপে মেয়েদের খেলায় পানান সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে দাপুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা শেষে জয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদিকুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এদিকে সরিষাবাড়ী উপজেলায় পৌর শহরের গণময়দানে এ খেলা হয়।
বিকেলে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ডকাপে মেয়েদের খেলায় ছাতারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ১-০ গোলে পুষ্প-পপি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। একই মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপে ছেলেদের খেলায় পিংনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে জয়ী হয়েছে। পরে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস প্রমুখ।