বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা
বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তাঁর স্বপ্নই ছিল বাঙালিকে একটি স্বাধীন ভূখণ্ড দেওয়া। সমস্ত অস্তিত্ব দিয়ে তিনি বাঙালিকে ভালোবেসেছেন।
গতকাল বুধবার পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আইজিপি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন। তাদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদেরকে সঠিক ইতিহাস জানতে হবে, বঙ্গবন্ধুকে জানতে হবে, তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সৈয়দ আনোয়ার হোসেন। আলোচক ছিলেন কর্নেল জামিলের কন্যা চিত্রশিল্পী আফরোজা জামিল, পুলিশের অতিরিক্ত আইজি মো. মইনুর রহমান চৌধুরী, বিনয় কৃষ্ণ বালা প্রমুখ।