প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে কটূক্তি, যুবকের সাত বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করে গান রচনা করায় তন্ময় মল্লিক নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ড পাওয়া তন্ময় খুলনা জেলার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামের তুলশি মল্লিকের ছেলে।

ঢাকা সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামসুল ইসলাম আজ বুধবার এ রায় দেন। একই সঙ্গে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। আদেশে বলা হয়, জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আরও ছয় মাস কারাদণ্ড ভোগ করতে হবে। আসামি তন্ময় মল্লিকের উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে গান রচনা করে তা মেমোরি কার্ডের মাধ্যমে প্রচার করেন তন্ময় মল্লিক। এ ঘটনায় দাকোপ থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বাদী হয়ে গত বছরের ২৬ অক্টোবর খুলনার দাকোপ থানায় মামলা করেন।