বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিতে আগুনের ঘটনায় ধুনটে যুবদলের নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার বিকেলে যুবদলের সাবেক এক নেতা মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ভূতবাড়ি গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভূতবাড়ি রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর দুটি ছবি টাঙানো ছিল। গত ২৬ মার্চ রাতে কার্যালয়ের তালা ভেঙে ছবি দুটি বিদ্যালয়ের মাঠে এনে তাতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গত সোমবার ধুনট থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।মামলার তদন্ত কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম হোসেন গতকাল শুক্রবার জানান, প্রাথমিক জিজ্ঞাসায় স্থানীয় ভান্ডাবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বেশ কিছু তথ্য দিয়েছেন। গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।মোহাম্মদ আলী গতকাল থানায় সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে মামলায় জড়ানো হয়েছে।