চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও জননেত্রী শেখ হাসিনা হল নামে দুটি নতুন আবাসিক হল নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। গত ৬ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ৪৭২তম সভায় এই নামকরণ অনুমোদন হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, হল দুটিতে মোট ৭৫০ জন শিক্ষার্থীর আবাসন-সুবিধা থাকবে। এর মধ্যে জননেত্রী শেখ হাসিনা আবাসিক হলে ৫০০ ছাত্রীর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ২৫০ ছাত্রের আবাসন-সুবিধা থাকবে। হল নির্মাণ এবং অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন খাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মোট আট কোটি টাকার আর্থিক মঞ্জুরি অনুমোদন করেছে। সূত্র জানায়, গত জুলাই মাসে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ বরাদ্দ দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে দুটি হল ছাড়াও পঞ্চম একাডেমিক ভবনের তৃতীয় পর্যায়ের কাজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে পানি সরবরাহব্যবস্থা উন্নতকরণ এবং অভ্যন্তরীণ রাস্তা ও সেতু নির্মাণ করা হবে।বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাতটি ছাত্র হল এবং তিনটি ছাত্রী হলে প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থীর আবাসন-সুবিধা রয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২০ হাজার। প্রশাসন সূত্রে জানা যায়, এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়নে চার বছর সময় দেওয়া হয়েছে। ইউজিসি প্রথম বছরে (২০১১-২০১২ অর্থবছরে) আট কোটি টাকা বরাদ্দ দিয়েছে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম প্রথম আলোকে বলেন, দুটি আবাসিক হল নির্মাণ করা হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা কিছুটা দূর হবে। এ ছাড়া একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষে শিক্ষক-শিক্ষার্থীদের অনেক সমস্যা নিরসন হবে।বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু সাঈদ হোসেন প্রথম আলোকে বলেন, জননেত্রী শেখ হাসিনা হলের নির্মাণব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ২২ লাখ ৭৫ হাজার টাকা। প্রথম পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে তিন কোটি ৫০ লাখ টাকা। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে এক কোটি টাকা। এ হলের মোট নির্মাণব্যয় আট কোটি ৮৭ লাখ ১৪ হাজার টাকা।বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরী প্রথম আলোকে বলেন, দুটি হলের নির্মাণকাজ আগামী সেপ্টেম্বর-অক্টোবরের দিকে শুরু হবে। শেখ হাসিনা হল নির্মাণ করা হবে শামসুন্নাহার হলের বিপরীত পাশে এবং শহীদ আবদুর রব হলের উত্তর পাশের এলাকায় বঙ্গবন্ধু হল হবে। প্রশাসন সূত্রে আরও জানা যায়, প্রকল্পে পঞ্চম একাডেমিক ভবনের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে দুই কোটি ৫০ লাখ টাকা এবং রাস্তা ও সেতু নির্মাণে ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চতর গবেষণা ও প্রশিক্ষণ এবং পরামর্শক খাতে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পঞ্চম একাডেমিক ভবনের তৃতীয় পর্যায়ের মোট নির্মাণব্যয় রাখা হয়েছে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার টাকা।