বঙ্গবন্ধু ও সংসদ সম্পর্কে রায়ের পর্যবেক্ষণের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর্যবেক্ষণে বঙ্গবন্ধু ও জাতীয় সংসদ সম্পর্কে দেওয়া বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও অবিবেচনাসুলভ বলে মন্তব্য করেছে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। সংগঠনটি এ ধরনের পর্যবেক্ষণের প্রতিবাদও জানিয়েছে।  

 গতকাল রোববার সংগঠনের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ ও ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সঙ্গে লক্ষ করছি যে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক একটি রায়ের পর্যবেক্ষণে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তির্যক মন্তব্য করা হয়েছে, যা অনাকাঙ্ক্ষিত, আপত্তিজনক ও বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক এবং অভিন্ন সত্তা। পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধুর একক নেতৃত্ব ও ভূমিকায় এবং তাঁরই নির্দেশে সংগঠিত নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে। এর বিপরীতে যাঁরা কথা বলছেন তাঁরা উদ্দেশ্যমূলকভাবে সত্যকে গোপন অথবা প্রতিষ্ঠিত ইতিহাস বিকৃত করার অপচেষ্টা করছেন। আমরা এর প্রতিবাদ জানাই।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আরও লক্ষ করেছি যে, রায়ের পর্যবেক্ষণে জাতীয় সংসদকে অপরিপক্ব এবং সংসদকে মেকি ও অকার্যকর বলা হয়েছে, যা কেবল অপ্রাসঙ্গিক ও অনভিপ্রেত নয়, জাতীয় সংসদ ও গণতন্ত্রের জন্য অপমানজনক। কারণ জাতীয় সংসদ যদি অকার্যকর হয়, তাহলে সরকার ও প্রজাতন্ত্রও অকার্যকর হয়ে যায়। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ও অবিবেচনাসুলভ পর্যবেক্ষণের প্রতিবাদ জানাই।’ বিজ্ঞপ্তি