বঙ্গবন্ধু ও সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্য উন্মোচন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন, পটুয়াখালী-৪ আসনের সাংসদ মাহবুবুর রহমান তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ। এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান বলেন, রূপালী ব্যাংক, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অর্থায়নে ৬ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অর্থায়নে ৬ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে সাত বীরশ্রেষ্ঠর আবক্ষ ভাস্কর্য নির্মাণ করেছেন ভাস্কর শ্যামল চৌধুরী। প্রধান অতিথি এইচ টি ইমাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ ভবন, শিক্ষক-কর্মকর্তা ডরমিটরি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের বর্ধিত ভবনের উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন।