বঙ্গবন্ধু ও ৭ মার্চ বাংলাদেশের ভিত্তিমূল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের প্রতীক
মুক্তিযুদ্ধের প্রতীক

সেদিনও ছিল এমনি এক বসন্ত। পড়ন্ত বিকেল তখন। ১৯৭১ সালের ৭ মার্চ। গাছে গাছে নতুন পাতা দুলিয়ে দিচ্ছিল দখিনা সমিরণ। রমনার রেসকোর্স (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ময়দানে দুপুর থেকেই এসে সমবেত হচ্ছিল অগণিত মানুষ। তাদের মনে নতুন আশার স্বপ্ন। তাদের হৃদয়ও দুলছে আশা ও শঙ্কার দোলাচাল।
অবশেষে অবসান হলো প্রতীক্ষার। আনুমানিক বিকেল পৌনে চারটার দিকে মঞ্চে এলেন সফেদ পাজামা-পাঞ্জাবি-হাতাকাটা কালো কোট পরা চিরচেনা সেই দীর্ঘদেহী পুরুষ। বলিষ্ঠ পদক্ষেপে সরাসরি এসে দাঁড়ালেন মাইকের সামনে। জলদগম্ভীর স্বরে সম্বোধন করলেন, ভায়েরা আমার...। বঙ্গবন্ধু আর তাঁর সেই ভাষণ এখন আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রতীক।
সময়ের পরিক্রমায় আবার ফিরে এল ঐতিহাসিক ৭ মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালজয়ী ওই ভাষণের ৪৪তম বর্ষপূর্তি আজ। প্রায় ১৮ মিনিটের ওই ভাষণে বঙ্গবন্ধু তাঁর অনন্য বাগ্মিতা ও রাজনৈতিক প্রজ্ঞার আলোয় লাখো জনতার সামনে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি, বাঙালি জাতির আবেগ, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে যেন এক সুতোয় গাঁথলেন।
কথাসাহিত্যিক রশীদ হায়দার সেদিন ময়দানে থেকে ভাষণটি শুনেছিলেন। তখন তাঁর বয়স ছিল প্রায় ৩০, কাজ করতেন কৃষি উন্নয়ন ব্যাংকে। স্মৃতিচারণা করে গতকাল প্রথম আলোকে তিনি বলেন, ‘জনসভা শুরু হওয়ার কথা ছিল বেলা তিনটায়। কিন্তু ঘণ্টা দুয়েক আগে থেকেই দলে দলে লোক আসছিল রেসকোর্সে। তাদের হাতে ছিল লাঠি, চেলাকাঠ—এসব। আমি সিদ্ধেশ্বরী হয়ে রমনা উদ্যান ও ঢাকা ক্লাবের ভেতর দিয়ে রেসকোর্সের দিকে যাই। তখন বেলা দেড়টার মতো হবে। রমনার ভেতরে ঝোপের মতো যে গাছপালা ছিল, তার আড়ালে ও ঢাকা ক্লাবের ভেতরে অস্ত্র নিয়ে পাকিস্তানি সেনাদের ওত পেতে থাকতে দেখলাম। মঞ্চের সামনে বাঁশ দিয়ে ঘেরা অংশে নারীদের বসার ব্যবস্থা। তারপরই বসে ছিলাম আমি। মঞ্চে কোনো চেয়ার ছিল না। কেবল মাইক্রেফোনস্ট্যান্ড ও তার সামনে হাত রাখার জন্য ‘রোস্টাম’। সভার কোনো সঞ্চালক বা সভাপতি ছিলেন না। এ সময় একটি হেলিকপ্টার জনসভার ওপর দিয়ে চক্কর দিয়ে যায়।’
বঙ্গবন্ধু মঞ্চে আসেন আনুমানিক তিনটা ৪০ মিনিটে। রশীদ হায়দার বলেন, দৃশ্যটি এখনো চোখের সামনে ভাসছে। তিনি মঞ্চে এসে সরাসরি মাইকের সামনে গিয়ে দাঁড়ালেন। হাতে থাকা টোবাকো পাইপটি রোস্টামে রেখে দুই হাত তুলে জনতার প্রতি অভিনন্দন জানালেন। তারপর মনে হলো একটি গভীর শ্বাস নিলেন। যেন নাভিমূল থেকে আওয়াজ তুলে বললেন, ‘ভাইয়েরা আমার...’। রশীদ হায়দার বলেন, বঙ্গবন্ধু স্বতঃস্ফূর্তভাবে বলে গেছেন। শেষ করেছেন ‘জয় বাংলা’ বলে।
আজও এই ভাষণ শুনলে শরীরের লোম দাঁড়িয়ে যায় বলে মানুষকে বলতে শোনা যায়। বক্তার শব্দ, বাক্য ও তথ্য চয়ন মিলে এই ভাষণ এখন জন-যোগাযোগেরও এক উল্লেখযোগ্য আধেয়।
৭ মার্চের ভাষণের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গণযোগাযোগের শিক্ষক আ আ ম স আরোফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, যোগাযোগবিজ্ঞানের তাত্ত্বিক প্রয়োগের এক বিস্ময়কর দৃষ্টান্ত এই ভাষণ। ভাষণে কোনো বিরক্তিকর পুনরাবৃত্তি নেই, আছে সারকথা। দেশের সাড়ে সাত কোটি জনগণকে সামনে রেখে কথোপকথনের ভঙ্গিতে বক্তব্য তুলে ধরা হয়েছে। নিদের্শনামূলক অংশগুলো ছিল ছোট ছোট বাক্যে। তিনি বলেন, ভাষণে বর্তমানকালের যৌক্তিক ব্যবহারের সঙ্গে অতীত ও ভবিষ্যতের সুন্দর সংমিশ্রণ ঘটানো হয়েছে। ভাষা ছিল রাষ্ট্রনায়কোচিত। এই ভাষণটি এখনো সাহস ও প্রেরণার উৎস।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। নির্বাচনের পরে বঙ্গবন্ধু ঘোষণা করেন, বাংলার জনগণ ছয় দফার ভিত্তিতে রায় দিয়েছে। কাজেই এর ভিত্তিতেই পাকিস্তানের শাসনতন্ত্র প্রণীত হবে। ওই বছরের ৩ মার্চ ছিল গণপরিষদের অধিবেশনের নির্ধারিত সময়। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ১ মার্চ হঠাৎ করে বেতার-টিভিতে ভাষণ দিয়ে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। সারা দেশে প্রবল বিক্ষোভ শুরু হয়। ওই দিনই হোটেল পূর্বাণীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সভা করেন। পরে সাংবাদিকদের সামনে সভার সিদ্ধান্ত অনুসারে আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে ৩ মার্চ সারা দেশে হরতাল ও ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন। তিনি জানান, ৭ মার্চ আওয়ামী লীগের ওই সমাবেশে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। সে কারণেই গভীর আগ্রহ নিয়ে লাখ লাখ মানুষ সেদিন সমবেত হয়েছিল রেসকোর্স ময়দানে।
সেদিন জন-আকাঙ্খার মূলে ছিল বঙ্গবন্ধু কী নির্দেশনা দেন তা। ভাষণে বঙ্গবন্ধু সে আকাঙ্ক্ষা পূরণ করেছেন। তিনি লক্ষ্য সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছিলেন। দিয়েছিলেন করণীয় সম্পর্কে সরাসরি নির্দেশ। বলেছেন ‘প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে।’ এমনকি তিনি যদি উপস্থিত নাও থাকতে পারেন তাহলেও কী করতে হবে সে কথাও স্পস্ট করে বলেছেন, ‘রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে’। ভাষণটি তিনি শেষ করেছিলেন সেই অবিস্মরণীয় উক্তি দিয়ে—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ অবিসংবাদিত নেতার মুখ থেকে এই ঘোষণাটি শোনার জন্যই বাঙালি সেদিন উদগ্রীব ছিল।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে প্রকাশিত জ্যাকব অ্যাফ ফিল্ড সংকলিত উই শ্যাল ফাইট অন দ্য বিচেস—দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি নামের বইতে অন্তর্ভুক্ত হয়েছে ৭ মার্চের এই ভাষণ। এর শিরোনাম ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ দ্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক পর্যায়ে বিশ্বের সেরা ভাষণগুলোর সঙ্গে ৭ মার্চের ভাষণটি পাঠ্যক্রমভুক্ত। এই বিভাগের সহযোগী অধ্যাপক শামিম রেজা গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিশ্বের অন্য সব সেরা ভাষণের সঙ্গে এই ভাষণের পার্থক্য হলো, এটি বঙ্গবন্ধু স্বতঃস্ফূর্তভাবে (লিখিত না) দিয়েছিলেন ময়দানে, সমবেত লাখ লাখ মানুষের সামনে—যারা স্বাধীনতা লাভের প্রত্যাশায় সমবেত হয়েছিল। অন্য বিখ্যাত ভাষণগুলোর ক্ষেত্রে বক্তাদের এমন স্বাধীনতাপ্রত্যাশী জনতার সামনে দাঁড়াতে হয়নি।’ তিনি বলেন, ‘রাষ্ট্রের জন্মমৃত্যুর সংযোগস্থলে দাঁড়িয়ে দেওয়া এই ভাষণের সঙ্গে আমাদের বিরাট আবেগ জড়িয়ে আছে। তবে পাঠ্য বিষয় হিসেবে ভাষণটি আমরা নিরাসক্ত ও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি। তাতেও এটি একটি মহৎ ভাষণ হিসেবেই আমাদের কাছে প্রতীয়মান হয়।’