বঙ্গবন্ধু কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ
গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের আসন্ন সংসদ নির্বাচনে ছাত্রলীগের মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে পাঁচজন নেত-কর্মী আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে পুরোনো শহীদ মিনারের বেদিতে এ ঘটনা ঘটে।কলেজ সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুন কলেজ ছাত্র সংসদের নির্বাচন ও ৯ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। তাই এলাকাভিত্তিক প্রার্থীরা নিজেদের মধ্যে সমঝোতার চেষ্টা চালাচ্ছেন। শনিবার পুরোনো শহীদ মিনার চত্বরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সাধারণ সম্পাদক মনোনয়ন প্রত্যাশী কল্লোল ও তন্ময়ের সমর্থকদের মধ্যে সমঝোতা বৈঠক চলছিল। একপর্যায়ে এমদাদ নামে তন্ময়ের এক সমর্থক কল্লোলের ওপর চড়াও হলে সংঘর্ষ শুরু হয়। এ সময় কলেজ ক্যাম্পাসে বহিরাগত লোকজন প্রবেশ করে এবং লাঠিসোঁটা নিয়ে মহড়া দেয় বলে ছাত্রলীগের একাধিক নেতা অভিযোগ করেছেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বোরহান উদ্দিন পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করলে দুই পক্ষ ক্যাম্পাস ছেড়ে চলে যায়।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই। কলেজে ২২টি জেলার প্রায় ১১ হাজার শিক্ষার্থী আছেন। এটা একটি এলাকার শিক্ষার্থীদের স্থানীয় কোন্দলের কারণে হয়েছে।