বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের সালনা এলাকায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গবেষণাগার, প্রশাসনিক ভবন ও শিক্ষা ভবনের কাচ, গাড়ি, বিএস ছাত্রাবাসে ব্যাপক ভাঙচুর করেন। এতে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের নোটিশ দেয়।প্রক্টর জালাল উদ্দিন আহমেদ জানান, স্বল্পতম সময়ের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ‘রাতে শিক্ষার্থীরা কোথায় যাবে’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। ছাত্ররা ইট-পাটকেল নিয়ে ছাত্রাবাসের ছাদে অবস্থান নিয়েছেন। এ কারণে যে করেই হোক রাতেই হল খালি করা হবে। মেয়েদের সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে।পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের প্রতিবাদে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন শেষে কর্তৃপক্ষের ‘যথাযথ সাড়া না পেয়ে’ হতাশ শিক্ষার্থীরা ভাঙচুর করেন।গতকাল রাত সাড়ে নয়টায় এ খবর লেখার সময় শিক্ষার্থীরা ছাত্রাবাসে অবস্থান করছিলেন। ক্যাম্পাসে তিন প্লাটুন পুলিশ মোতায়েন ছিল।প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আন্দোলনকারীরা জানান, পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিলের কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে স্নাতক কোর্সের দুই শতাধিক শিক্ষার্থী সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। গতকাল এ কারণে বিশ্ববিদ্যালয়ের যানবাহন চলাচল করতে পারেনি। অবস্থান ধর্মঘটের সময় একাধিক শিক্ষক ছাত্রদের সঙ্গে কথা বলেন। বিকেলে প্রক্টর জালাল উদ্দিন আহমেদ ছাত্রদের সঙ্গে পরদিন (সোমবার) আলোচনার প্রস্তাব দেন। কিন্তু ছাত্ররা তাঁর এ প্রতিশ্রুতিতে আশ্বস্ত হতে পারেননি। একই দাবিতে বৃহস্পতিবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের দুই প্রবেশপথের গেটে তালা দিয়েছিলেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংবিধি অনুযায়ী পরপর তিন টার্মের (প্রতি শিক্ষাবর্ষে তিন টার্ম) পরীক্ষায় অকৃতকার্য (জিপিএ ২.৫-এর নিচে) হওয়ায় এঁদের ভর্তি বাতিল হয়েছে বলে কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড় থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবদুল মান্নান আকন্দ অবশ্য সাংবাদিকদের জানিয়েছিলেন পরবর্তী একাডেমিক কাউন্সিলের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।