বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাস আনন্দমুখর মিলন মেলায় পরিণত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং রঙিন বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির সূচনা করা হয়।
এরপর উপাচার্য মাহ্বুবর রহমানের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
পরে এখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপাচার্য মাহ্বুবর রহমান ও ট্রেজারার ইসমাইল হোসেন মিঞা। এর আগে রাত ১২টা এক মিনিটে কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবস-২০১৩ উদ্বোধন করা হয়।
কৃষিতে উচ্চতর শিক্ষার প্রসার এবং কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত আনুষঙ্গিক বিষয়ে উন্নত শিক্ষাদান, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও হস্তান্তরের উদ্দেশ্যে ১৯৯৮ সালের ২২ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়।