বঙ্গবন্ধু ক্লাবের নামে বিদ্যালয়ের মাঠে যা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার বাসুদেবপুর উচ্চবিদ্যালয়ের খেলার মাঠ দখল করে অশ্লীল নাচ ও জুয়ার আসর বসানো হয়েছে। বাসুদেবপুর বঙ্গবন্ধু ক্লাব ‘আনন্দ মেলা’র নামে এই আসরের আয়োজন করেছে।সরেজমিনে গত সোমবার রাতে দেখা যায়, খেলার মাঠটি দখল করে সার্কাস ও জুয়ার আসর চলছে। সার্কাসের আসরে খেলার পাশাপাশি চলছে অশ্লীল নাচ ও কুরুচিপূর্ণ গান। জুয়ার কুপন বিক্রি করে গরু, টিভি, ভিসিডিসহ নানা ধরনের আকর্ষণীয় পুরস্কার দেওয়ার প্রলোভন দেওয়া হচ্ছে।খোঁজ নিয়ে জানা গেল, ভোর পর্যন্ত চলে এসব আসর। মাইকের শব্দে বাসুদেবপুর বিদ্যালয় ছাড়াও পাশের কারিগরি ইনস্টিটিউট ও ডা. নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পড়ালেখা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অতিষ্ঠ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারাও।নাচের আসর থেকে বের হওয়া আবদুল জলিল (৫৫) বলেন, ‘খেলা দেখার জন্য আধ ঘণ্টা আগে আইছিনু। কিন্তু আগের মতো খেলাধুলা নাই। তাই বের হয়া আসনু।’ জুয়ার আসরে কথা হয় রিকশাচালক মাসুদ রানার (৩২) সঙ্গে। তিনি বলেন, ‘গত কয় দিনে আমি ৬০০ টাকার লটারির কুপন কিনছি। একটাও পুরস্কার পাইনি।’ মেলা আয়োজক কমিটির সদস্য সচিব ও বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বলেন, স্থানীয় বঙ্গবন্ধু ক্লাবের উদ্যোগে এখানে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে। খারাপ কিছু করা হচ্ছে না। একটু-আধটু যা হচ্ছে তা না করলে দর্শক পাওয়া যাবে না। জহুরুল ইসলাম আরও জানান, মেলার উপার্জন থেকে ৫২ জন নেতা-কর্মীকে আর্থিক সহযোগিতা দেওয়া হচ্ছে।নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক বলেন, ‘অশ্লীল নৃত্য এবং জুয়া খেলার বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছে। এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেব।’