বঙ্গবন্ধু চেয়ার হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে
পশ্চিমবঙ্গের কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি চেয়ার প্রতিষ্ঠা করা হচ্ছে। গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চেয়ার প্রতিষ্ঠাসংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করেছেন।
মমতার ইচ্ছা, বঙ্গবন্ধুর মেয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় এসে ওই চেয়ার উদ্বোধন করুন। এ জন্য শেখ হাসিনাকে কলকাতায় আমন্ত্রণ জানাবেন তিনি।
সম্প্রতি বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল কলকাতা সফরে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। সে সময়ই মমতা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার বিষয়ে ওই প্রতিনিধিদলকে আভাস দেন। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা একটি জনপ্রিয় বাংলা গানও মুখ্যমন্ত্রী গেয়ে শোনান প্রতিনিধিদলকে।
বাংলাদেশের প্রতিনিধিদল গত বুধবার সন্ধ্যায় দিল্লি থেকে ঢাকায় ফেরেন। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী চেয়ার প্রতিষ্ঠাবিষয়ক কাগজপত্রে সই করেন।
এই চেয়ার প্রতিষ্ঠার ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ-ভারত পারস্পরিক সম্পর্ক জোরদার ও বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ সৃষ্টি হবে। বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে পরিচিত করা।